ডেস্ক রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২১, ১০:৩৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: আগামীকাল ৩০ ডিসেম্বর কালো দিবস পালন করবে বাম গণতান্ত্রিক জোট। বাম জোটের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালের এদিনে বর্তমান আওয়ামী সরকার দিনের ভোট রাতে সীল মেরে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। গায়ের জোরে ক্ষমতা দখলকারী সরকার টানা ৩ মেয়াদে দেশের মহা সর্বনাশ করে চলেছে। জনসমর্থনহীন সরকারের দুর্নীতি-দুঃশাসন ও লুটপাটের মাধ্যমে দেশের গণতন্ত্রকে কবরে পাঠিয়েছে এবং নির্বাচনকে নির্বাসনে পাঠিয়েছে।
দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া লাফিয়ে লাফিয়ে বাড়ছে। জনগণ সিন্ডিকেটের কাছে জিম্মি। সরকার উন্নয়নের ঢাক বাজাচ্ছে। আয় বৈষম্য প্রতিনিয়ত বাড়ছে। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য বর্তমান ভোট ডাকাতির অবৈধ সরকারকে উচ্ছেদের সংগ্রামে সকল বাম-প্রগতিশীল শক্তি-ব্যক্তিকে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তুলতে হবে।
ভোট ডাকাতির ৩ বছর পূর্তিতে বাম জোট আহুত আগামীকাল ৩০ ডিসেম্বরের কালো কালো দিবসের কর্মসূচি সফল করতে আজ ২৯ ডিসেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সেগুনবাগিচা বাজার, বিজয়নগর, কাকরাইল, শান্তিনগর, মালিবাগে প্রচারপত্র বিলি ও গণসংযোগ করা হয়। বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ এর নেতৃত্বে গণসংযোগে অংশ নেয় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা আকবর খান, বাসদ (মার্কসবাদী) নেতা মানস নন্দী, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) নেতা বিধান রায়, সীমা দত্ত, মাসুদ রানা, আনোয়ারুল ইসলাম, কামরুজ্জামান ফিরোজ, ভজন বিশ^াস ও সাথীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আগামীকাল দেশব্যাপী কালো দিবস
আগামীকাল ৩০ ডিসেম্বর ভোট ডাকাতির ৩ বছর পূর্তিতে এবং অবৈধ সরকারের উচ্ছেদের দাবিতে বাম গণতান্ত্রিক জোট দেশব্যাপী কালো দিবসের কর্মসূচি ঘোষণা করেছে। দিবসটি উপলক্ষে সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। আগামীকাল ঢাকায় কালো দিবস উপলক্ষে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ আগামীকালের কালো দিবসের কর্মসূচি সফল করার জন্য জোটের শরীক দলসমূহের নেতাকর্মী ও সারা দেশের সর্বস্তরের গণতন্ত্রপ্রিয় দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।