ডেস্ক রিপোর্ট
২৭ অক্টোবর ২০২১, ৭:৪২ অপরাহ্ণ
সিলেট প্রতিনিধি:: চাল, ডাল, তেল,চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং নিয়োগপত্র -পরিচয়পত্র প্রদান সহ নিম্নতম মূল মজুরি ২০ হাজার টাকা ঘোষনার দাবিতে সিলেটে হোটেল শ্রমিক ইউনিয়ন এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
আজ বুধবার (২৭ অক্টোবর) বিকাল ৪ টায় কিন ব্রিজের মুখে (উত্তর পার) জমায়েত হয়ে এক বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, চৌহাট্টা হয়ে হয়ে আম্বরখানা পয়েন্টে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ ছাদেক মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আনছার আলীর পরিচালনায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার যুগ্ন -সম্পাদক রমজান আলী পটু, জাতীয় ছাত্রদল সিলেট জেলা শাখার সদস্য শুভ আজাদ শান্ত, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সভাপতি মনির হোসেন, শাহপরান থানা কমিটির সহ-সভাপতি জয়নাল মিয়া, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমদ, তালতলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন, বন্দর বাজার আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মাহবুব আলম, জিন্দাবাজার আঞ্চলিক কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ আজাদ।
বক্তারা বলেন ; দেশে একের পর এক ধারাবাহিক সংখ্যালঘু নির্যাতন, সাম্প্রদায়িক হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও সংখ্যালঘুদের সহায় সম্বল, বাড়িঘর ও জায়গা জমি দখল চলছে। শোষক-শাসকগোষ্ঠি তাদের কামেয়ী স্বার্থ হাসিলে সাম্প্রদায়িকতাকে হাতিয়ার করে শ্রমিক শ্রেণী ও জনগণের মধ্যে বিভক্তি তৈরির অপতৎপরতায় লিপ্ত। শোষক-শাসকগোষ্ঠি সবসময়ই শোষণ-শাসনকে আড়াল করতে এবং জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে প্রভাবিত ও বিভক্তি সৃষ্টি করতে সাম্প্রদায়িকতাকে ব্যবহার করে আসছে এ প্রেক্ষিতে শ্রমিক শ্রেনীকে সজাগ সচেতন থেকে সকল ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্টার লড়াই সংগ্রামকে অগ্রসর করতে হবে।
বক্তারা আরো বলেন ;নিত্যপণ্যের বর্তমান উর্ধ্বগতির এই বাজারে নিম্নবিত্ত থেকে মধ্যম আয়ের পরিবার সবার যেন হাত পুড়ছে বাজারে গিয়ে। চাল, ডাল ও তেলের দামে অস্বস্তি আগে থেকেই ছিল। এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে পেঁয়াজ, আটা, ময়দা, মুরগি, ডিমসহ আরও কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য। বেড়েছে রান্নার গ্যাস, সাবান ও টুথপেস্টের মতো নিত্যব্যবহার্য সামগ্রীর দামও, করোনা মহামারীর মধ্যে সরকারের দায়িত্ব হলো দ্রব্যমূল্যের ভর্তুকি প্রদান করা, কিন্তু তা না করে দফায় দফায় লাগামহীন ভাবে চাল, ডাল, তেল, পেঁয়াজ চিনিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। তার সাথে পাল্লা দিয়ে গ্যাসের দাম বৃদ্ধি করেছে কয়েক দফা। ১২ লিটার সিলিন্ডারের দাম বাড়িয়েছে প্রায় ২৫০ টাকার ও বেশি। যায় দায়ভার বহন করতে হচ্ছে এবং হবে জনগণের।