ডেস্ক রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৯ অপরাহ্ণ
চট্টগ্রাম প্রতিনিধি:: অবিলম্বে বন্ধ হওয়া শাটল ও ডেমু ট্রেন চালু করে শিক্ষার্থীদের ভোগান্তি দূর করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
গত ২২ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সশরীরে শ্রেণি-কার্যক্রম চালু হলেও এখনো পর্যন্ত বন্ধ হওয়া ৩ জোড়া শাটল ও ২ জোড়া ডেমু ট্রেন চালু না করায় অসহনীয় ভোগান্তিতে পড়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ঘটনায় প্রশাসনের প্রতি নিন্দা ও অবিলম্বে এই সংকট সমাধানের আহবান জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক ইসরাত হক জেরিন ও সাধারণ সম্পাদক ঋজু লক্ষ্মী অবরোধ এক যুক্ত বিবৃতিতে জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কাগজে কলমে আবাসিক বিশ্ববিদ্যালয় হলেও পর্যাপ্ত হল ও বৈধ সিট বন্টন না থাকায় বেশীরভাগ শিক্ষার্থীদেরই চট্টগ্রাম শহরে বিভিন্ন বাসা ভাড়া করে থাকতে হয়। শিক্ষক-কর্মচারীদের জন্য শীতাতপনিয়ন্ত্রিত বাসের ব্যবস্থা থাকলেও শিক্ষার্থীদের জন্য কোনো বাসের ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াতের একমাত্র বাহন শাটল ট্রেন। সেই শাটল ট্রেনেও পর্যাপ্ত বগি ও শিডিউল না থাকায় প্রচন্ড অমানবিকভাবে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থীর যাতায়াত করতে হয়। অন্যদিকে নতুন ব্যাচ ভর্তি হওয়ার ফলে শিক্ষার্থীদের ভীড় বেড়েছে। প্রতিদিন অসহনীয় চাপ সহ্য করে ট্রেনের ভিতরে গাঁদাগাঁদি করে, ছাদে, ইঞ্জিনে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছে শিক্ষার্থীরা। ঘটছে বিভিন্ন দূর্ঘটনা, শিডিউল অনুযায়ী ট্রেন না থাকায় অনেকেই ক্লাস,পরীক্ষায় সময়মতো উপস্থিত হতে পারছেনা। প্রশাসন থেকে প্রতিবছর বগি ও শিডিউল বাড়ানো, শীতাতপনিয়ন্ত্রিত ও দ্রুতগতির ট্রেনসহ আরো বিভিন্ন রকমের আশ্বাস দেয়া হলেও তার দৃশ্যমান কোনো পদক্ষেপ শিক্ষার্থীরা দেখেনি।
উলটো এই সময়ে আমরা দেখলাম গত নভেম্বর মাস থেকে অজানা অনিবার্য কারণে বন্ধ আছে ২ জোড়া ডেমু ট্রেন। লোকমাস্টারদের আন্দোলন ২ দিনের ভিতর স্থগিত হলেও এখনো বন্ধ রয়েছে ৩ জোড়া শাটল ট্রেন। শিক্ষার্থীদের অসহনীয় সংকটের সময়ে ৫ জোড়া ট্রেন বন্ধের ঘটনাকে আমরা শিক্ষার্থীদের এই কষ্টের সাথে এক প্রকার তামাশা বলে মনে করি। একদিকে অমিক্রন সংক্রমণে শিক্ষার্থীদেরকে সচেতন হতে বলা অন্যদিকে শাটলে শিক্ষার্থীদেরকে এরকম গাদাগাদি পরিস্থিতিতে ফেলে দেয়ার এই অসম বৈপরীত্য যেকোনো বিবেকবান মানুষকেই ক্ষুব্ধ করবে। এই ধরনের ঘটনা একদিকে যেমন শিক্ষার্থীস্বার্থবিরোধী, অন্যদিকে তা বিদ্যমান সংকটকে আরো বেশী প্রকট করে তুলেছে।
আমরা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে শিক্ষার্থীদের চাহিদা, সংকট ও অধিকারের প্রতি এহেন ঔদাসীন্য পরিহার করে, শিক্ষার্থীবান্ধব আচরণ করার জন্য প্রশাসনের প্রতি আহবান এবং অবিলম্বে শাটল ও ডেমু ট্রেনের সকল বন্ধ শিডিউল পুনরায় চালু করে শিক্ষার্থীদের ভোগান্তি দূর করা ও শাটলের বগি বৃদ্ধির দাবি জানাই।