ডেস্ক রিপোর্ট

১৪ অক্টোবর ২০২১, ৪:৪৭ অপরাহ্ণ

পুজা মন্ডপে হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি বাসদের

আপডেট টাইম : অক্টোবর ১৪, ২০২১ ৪:৪৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: কুমিল্লা, চাঁদপুরসহ সারাদেশে কোরান অবমাননার হুজুগ তুলে পুজা মন্ডপে সাম্প্রদায়িক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার করার দাবি জানিয়েছেন। তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও ধর্মীয় অনুষ্ঠান পালনের স্বাধীনতা নিশ্চিত করা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলার আহবান জানান।

আজ বৃহস্পতিবার, ১৪ অক্টোবর এক বিবৃতিতে কমরেড খালেকুজ্জামান এই দাবি জানান।

বিবৃতিতে মরেড খালেকুজ্জামান বলেন, সারাদেশে উদ্দেশ্যমূলকভাবে একটি গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করতে এই ধরণের ঘটনা ঘটিয়েছে। কোন প্রকৃত ধর্মপ্রাণ হিন্দু অন্য ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ নিজেদের ধর্মীয় উৎসবে রাখতে পারে না, আবার কোন প্রকৃত মুসলমান নিজেদের ধর্মগ্রন্থ অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবে রাখতে পারেনা। আবার কোন ধর্মপ্রাণ মানুষ এই কথা শুনেই যাছাই বাছাই না করেই ভিন্ন ধর্মাবলম্বীদের উৎসবের ওপর হামলে পড়তে পারেনা। ফলে কুমিল্লায় যে ঘটনা ঘটেছে তা খুবই পূর্ব পরিকল্পিত ও রাজনৈতিক হীন উদ্দেশ্যে এ কাজ করেছে। এবং সারাদেশে এক সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টি করে ফায়দা লুটতে চাইছে। যার প্রমাণ, হাজীগঞ্জে, হাতিয়া, বাঁশখালী, বান্দরবানের লামার হামলা ও হতাহতের ঘটনা। দেশব্যাপী এই সাম্প্রদায়িক হামলার ঘটনা দেশের খেটে খাওয় শান্তিপ্রিয় আপামর জনসাধারণের জন্য অত্যন্ত উদ্বেগজনক।

তিনি আরও বলেন, আমরা অতীতেও নানা অভিযোগে এ ধরণের হামলা দেখেছি রামু, নাসিরনগর, সাথিয়া, বাঁশখালীসহ বিভিন্ন স্থানে। এরকম কোন ঘটনার বিচার আজ পর্যন্ত সরকার করেনি। তারা এই সাম্প্রদায়িক উন্মাদনাকে জিইয়ে রেখে নিজেদের হীন রাজনৈতিক স্বার্থ হাসিল করতেই ব্যস্ত। সাম্প্রতিক ঘটনার পরও সরকারের পক্ষ থেকে সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে উদ্যোগ নিতে গড়িমসি করেছে। সংখ্যালঘুদের নিরাপত্তা ও ধর্মীয় অনুষ্ঠান পালনের অধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে এই সরকার। আমরা অবিলম্বে এই হামলার ঘটনার সাথে জড়িত সকলকে শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি এবং দেশের জনগণের প্রতি অসাম্প্রদায়িকতার চেতনাকে উর্ধ্বে তুলে ধরে সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে সামিল হবার আহবান জানাচ্ছি।

শেয়ার করুন