ডেস্ক রিপোর্ট
১৮ আগস্ট ২০২১, ১০:৪৭ অপরাহ্ণ
খুলনা প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক ব্যাটারি চালিত রিকসা আটক করে ব্যাটারি ও মেশিন খুলে রাখার তীব্র নিন্দা জানিয়ে বাসদ নেতৃবৃন্দ নগরীতে ব্যাটারি-রিকসা উচ্ছেদ বন্ধ করার দাবী জানিয়েছেন।
আজ বুধবার, ১৮ আগস্ট সকাল ১০টায় জেলা কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা কমিটির সভা থেকে নেতৃবৃন্দ এই দাবি জানান।
সংগঠনের সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু’র সভাপতিত্বে এবং সদস্য কোহিনুর আক্তার কণার পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন সদস্য আব্দুল করিম, প্রলয় মজুমদার, রবিন মন্ডল, সনজিত মন্ডল প্রমুখ।
সভায় বক্তারা গত কয়েকদিন ধরে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক ব্যাটারি চালিত রিকসা আটক করে ব্যাটারি ও মেশিন খুলে রাখার তীব্র নিন্দা
জানান।
নেতৃবৃন্দ বলেন, খুলনা মহানগরীতে প্রায় ২০ হাজার রিকসা শ্রমিক ঋণ করে রিকসায় ব্যাটারি লাগিয়ে বর্তমান দুর্মূল্যের বাজারে আয় বাড়ানোর
চেষ্টা করছেন। চলমান করোনা মহামারীতে সরকার শ্রমিকদের কোনো দায় না নেয়ায় সকল খাতের মত রিকসা শ্রমিকরাও চরম অমানবিক জীবন-যাপন করছেন। এমতাবস্থায় সিটি কর্পোরেশনের এই তৎপরতা শ্রমিক ও তাদের পরিবার, রিকসা পেশার সাথে যুক্ত অন্যান্য শ্রমিকসহ লক্ষ লক্ষ মানুষকে জীবন-যাপনের এক অনিশ্চিত অবস্থার দিকে ঠেলে দিচ্ছে।
সভায় বক্তারা অবিলম্বে সঠিক নীতিমালা প্রণয়ন করে ব্যাটারি/বিদ্যুৎ চালিত সকল বাহণের লাইসেন্স প্রদান করা, চালকদের উপর হয়রাণি বন্ধ করা, বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ব্যাটারি রিকশার সঠিক নকশা প্রণয়ন করার দাবী জানান। এছাড়া ডিসেম্বরের মধ্যে সকল প্রাপ্ত বয়ষ্ক নাগরিকদের করোনা টিকা নিশ্চিত করা; জেলা-উপজেলায় সকল হাসপাতালের বেড সংখ্যা, হাইফ্লো নেজাল ক্যানুলা, আইসিইউ, ভেন্টিলেটর, ডাক্তার-নার্স-
টেকনিশিয়ানসহ স্বাস্থ্যসেবা কর্মী বৃদ্ধি, কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ নিশ্চিত, ফিল্ড হাসপাতাল নির্মাণ করা; করোনকালে সকল শ্রমজীবী মানুষকে
খাদ্য ও নগদ অর্থ সহায়তা, রেশন ও সুদমুক্ত ঋণ প্রদান এবং সকল শিক্ষার্থীকে করোনা টিকা দিয়ে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবী জানান
নেতৃবৃন্দ।