ডেস্ক রিপোর্ট
১৩ আগস্ট ২০২১, ৮:২১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে কিশোরগঞ্জ-ঢাকা ও ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রামসহ পূর্বাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ ছিল। অবশেষে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ছয় ঘণ্টা পর লাইনচ্যুত বগি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। এরইমধ্যে আটকে পড়া সব ট্রেন গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ভৈরব স্টেশনের আউটার সিগন্যাল পয়েন্টে নাসিরাবাদ নামে একটি মেইল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। নাসিরাবাদ ট্রেনটি ময়মনসিংহ ও চট্টগ্রামের মধ্যে চলাচল করে। ইঞ্জিনসহ ছয়টি বগি নিয়ে ময়মনসিংহ থেকে ছেড়ে চট্টগ্রামে যাচ্ছিল ট্রেনটি। পরে খবর পেয়ে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে।
দুর্ঘটনার কারণে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তনগর বিজয় এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশনে আটকা পড়ে। ময়মনসিংহ থেকে আসা একটি লোকাল ট্রেনও কুলিয়ারচর স্টেশনে থেমে থাকে। কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর এগারসিন্ধুর এক্সপ্রেস ট্রেনটির যাত্রা বিলম্ব হয়। বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ায় যাত্রীদের দুর্ভোগের শিকার হতে হয়।
ভৈরব স্টেশন মাস্টার মো. নুরুন্নবী জানান, ভৈরব রেলস্টেশনের আউটারে জগনাথপুর এলাকায় দুপুর সাড়ে ১২টার দিকে নাসিরাবাদ ট্রেনটির একটি ট্রলি বগির চার চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। এরপর লাইনচ্যুত বগিটি উদ্ধারে কাজ শুরু করেন প্রকৌশলীরা।