ডেস্ক রিপোর্ট

১১ আগস্ট ২০২১, ৮:৪৫ অপরাহ্ণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফর্ম ফিলাপের বর্ধিত ফি প্রত্যাহারের দাবি ছাত্র ইউনিয়নের

আপডেট টাইম : আগস্ট ১১, ২০২১ ৮:৪৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ ফয়েজউল্লাহ এবং সাধারণ সম্পাদক দীপক শীল এক যৌথ বিবৃতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফর্ম ফিলাপের বর্ধিত ফি প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঘোষিত প্রজ্ঞাপনে আমরা শিক্ষা বাণিজ্যের নগ্ন বহিঃপ্রকাশ দেখলাম।

নেতৃবৃন্দ বলেন, ১-২২ আগস্ট পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের ফর্ম পূরণের সংশোধিত তারিখ ঘোষণা করা হয়েছে। আজ প্রায় ২ বছর কলেজ বন্ধ, পরীক্ষাও নেয়া হচ্ছে না। এই করোনাকালীন পরিস্থিতিতে যেখানে শিক্ষার্থীরা বেতন ফি মওকুফের দাবি করছে তা বিবেচনা না করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফর্মের সাথে সারা বছরের সকল ফি যুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে। মানবিক বিভাগের যে বিষয়ে ফর্ম ফিলাপ ফি ১৮৫০ টাকা ছিল সকল ফি যুক্ত করে ৫০৪০ টাকা জমা দিতে বলা হচ্ছে। বিজ্ঞান বিভাগের যে বিষয়ে ফর্ম ফিলাপ ফি ২৩০০ টাকা থেকে ২৫৫০ টাকা নির্ধারিত, কিন্তু ৫৫০০ থেকে ৬১০০ টাকা জমা দিতে বলা হয়েছে। সারা বছরের ফি সমুহের মাঝে আছে দরিদ্র তহবিল, ব্যবস্থাপনা ফি, ৩য় বর্ষের নির্বাচনী ও ইনকোর্স পরীক্ষার ফি, ২য় বর্ষের বেতন ও সেশন চার্জ। অর্থাৎ এই প্রজ্ঞাপনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে পুরো বছরের বেতন ও সেশন চার্জ ও আগামী বর্ষেরও নির্বাচনী এবং ইনকোর্স পরীক্ষার ফি নেয়া হবে। অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে টাকা জমা নিবে এবং তার খরচও শিক্ষার্থীদেরই দিতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এই করোনা কালে যখন শিক্ষার্থীদের শিক্ষা জীবন বিপন্ন হওয়ার উপক্রম তখন কর্তৃপক্ষের এহেন আচরণ চূড়ান্ত রুপে অমানবিকতার পরিচয় দেয়।

নেতৃবৃন্দ বলেন, করোনাকালীন পরিস্থিতিতে যেখানে মানুষের আয় কমেছে সেখানে বেতন-ফিসহ অন্যান্য ফি মওকুফ করা উচিৎ ছিল। তা না করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উলটো ফি বাড়িয়ে দিয়েছে। গত বছর থেকেই আমরা দাবি জানিয়ে আসছি করোনাকালে সকল শিক্ষা প্রতিষ্ঠানের বেতন-ফি মওকুফ করতে হবে, অনলাইন ক্লাসের জন্য প্রয়োজনীয় ডিভাইস ও সুবিধা সরবরাহ করতে হবে, সকল শিক্ষার্থীদের টিকার আওতায় এনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার রোড ম্যাপ ঘোষণা করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে বর্ধিত ফি আরোপ করেছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় ছাত্রসমাজ একত্রিত হয়ে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে।”

শেয়ার করুন