ডেস্ক রিপোর্ট
২ আগস্ট ২০২১, ৫:৪৯ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: করোনা মহামারিতে দেশে অক্সিজেন সংকট মোকাবিলায় ভারত থেকে আরও ২০০ মেট্রিক টন তরল অক্সিজেনের চতুর্থ চালান দেশে পৌঁছেছে। রবিবার রাত ২টার দিকে ইন্দো-বাংলা অক্সিজেন এক্সপ্রেস ট্রেন সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে এসে পৌঁছায়।
সোমবার সকাল ৭টা থেকে এ ট্রেনের ১০টি অক্সিজেনবোঝাই কন্টেইনার থেকে লিনডে বাংলাদেশ কোং এর কর্মীরা অক্সিজেন ট্যাংকলরিতে আনলোডের কাজ শুরু করেছে।
১০টি ট্যাংকলরিতে এই আনলোড শেষ হলে দুপুর নাগাদ সড়ক পথে বঙ্গবন্ধ সেতু হয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত কারখানায় নিয়ে যাওয়া হবে। এরপর প্রক্রিয়াজাত শেষে তা চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে। আমদানিকারক প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ ৪র্থ ধাপে রেলপথে ভারত থেকে এ পর্যন্ত ৮০০ মেট্রিক টন তরল অক্সিজেন দেশে আমদানি করলো।
এ বিষয়ে লিডনে বাংলাদেশ লিমিটেডের আন্তর্জাতিক সম্পর্ক ও প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া আক্তার ওহাব জানান, অক্সিজেন ট্রেনটি রবিবার রাতে পৌঁছানোর পর সোমবার ৭টা থেকে ট্রেনের কন্টেইনার থেকে অক্সিজেনের ট্যাংকলরিতে অক্সিজেন খালাস কার্যক্রম শুরু হয়েছে।
ট্রেন থেকে লরিতে করে তরল অক্সিজেন খালাস করে সড়ক পথে লিনডের নারায়ণগঞ্জের রুপগঞ্জ কারখানায় নিয়ে যাওয়া হবে। এরপর প্রক্রিয়াজাত করে দেশের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে।
উল্লেখ্য, এর আগে ভারত থেকে ৩ ধাপে ৬০০ মেট্রিক টন তরল অক্সিজেনবাহী ভারতীয় ট্রেন সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছায়। রবিবার আরও ২০০ মেট্রিক টন এসে পৌঁছায় সর্বমোট ৮০০ মেট্রিক টন অক্সিজেন রেলপথে দেশে এসে পৌঁছাল।