ডেস্ক রিপোর্ট
১৮ জুলাই ২০২১, ৪:৩৪ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ‘গণপরিবহন আর পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত না হলে আনন্দের ঈদ জাতির জন্য ভয়াবহ দুঃসংবাদ ডেকে আনবে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও কঠোর অবস্থান নিতে হবে।’
রোববার (১৮ জুলাই) এক বিবৃতিতে জাপা চেয়ারম্যান এ কথা বলেন।
তিনি বলেন, ‘করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেই সারাদেশে কোরবানির জন্য পশুর হাট জমে উঠেছে। প্রতিটি হাটেই প্রতিদিন ভিড় করছে হাজারও মানুষ। পশুর হাটে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। অধিকাংশ ক্রেতা ও বিক্রেতার মুখে মাস্ক নেই। হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার নেই বললেই চলে। আবার প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেই ছুটছেন বাড়ির পথে। সেখানেও উপেক্ষিত স্বাস্থ্যবিধি।’
জিএম কাদের বলেন, ‘লঞ্চ, বাস ও অন্যান্য যানবাহনে গাদাগাদি করে ছুটছে মানুষ। শারীরিক দূরত্ব বা করোনা সচেতনতার অভাবে কোথাও স্বাস্থ্যবিধির বালাই নেই।’
বিবৃতিতে জাপা চেয়ারম্যান আরও বলেন, ‘ঈদের পর দুই দিনে আবারও কর্মস্থলে ফিরবেন সবাই। সাতদিন ধরে যারা বাড়ি গিয়েছেন, তারা দুই দিনে কর্মস্থলে ফিরতে গেলেই সৃষ্টি হবে মারাত্মক জটলা। করোনা সংক্রমণ রোধ করতে পশুর হাট ও গণপরিবহনে স্বাস্থ্যবিধি রক্ষায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।’