ডেস্ক রিপোর্ট
৩০ মে ২০২১, ১০:১৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ডানকান ব্রাদার্সের পরিচালনাধীন মৌলভীবাজারের আলীনগর চা-বাগানের ফাঁড়ি সুনছড়া চা-বাগানে গত ২৮ মে রাতে বহিরাগত সন্ত্রাসীদের হামলায় চা-শ্রমিক সংঘের যুগ্ম-আহবায়ক হরিনারায়ন হাজরা ও চা-শ্রমিক যুব-সংঘের সাধারণ সম্পাদক স্বপন নায়েক গুরুতর আহত হন। দেশীয় অস্ত্রশস্ত্র হাতে নিয়ে সন্ত্রাসীরা দফায় দফায় হামলা চালিয়ে হরিনারায়ন হাজরার বাড়ি ভাংচুর এবং ৭ টি গরু, ৫ টি ছাগল, দোকানের ক্যাশ ও একটি দানবাক্স লুট করে নিয়ে যায়।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সভাপতি মোঃ সুরুজ আলী ও সাধারণ সম্পাদক সাদেক মিয়া এবং মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মোঃ নুরুল মোহাইমীন ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, মালনীছড়া রাবার শ্রমিক সংঘের সভাপতি জয়মাহাত্ম কুর্মী ও সাধারণ সম্পাদক শাহিন মিয়া, চা-শ্রমিক সংঘের যুগ্ম-আহবায়ক শ্যামল অলমিক একযুক্ত বিবৃতিতে এই ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বহিরাগত সন্ত্রাসীদের গ্রেফতার দাবি করেন।
নেতৃবৃন্দ বলেন বাগানের বস্তিসংলগ্ন ১০ নং সেকশনের কাঁচা পাতা চুরি সংবাদ কর্তৃপক্ষকে জানানোর কারণে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা এই হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় মারাত্মক আহত শ্রমিকরা যাতে চিকিৎসা নিতে না পারে এজন্য সন্ত্রাসীরা বাগান থেকে বের হওয়ার রাস্তা সশস্ত্র পাহারা বসায়। এই ঘটনার প্রতিকার চেয়ে বাগানের শ্রমিকরা হেড টিলা বাবু গোপাল চক্রবর্তীর সাথে দেখা করতে গেলে তিনি শ্রমিকদের সাথে দেখা করেননি। শ্রমিকরা বাধ্য হয়ে বাগানের সহকারী ব্যবস্থাপকের বাংলোয় যান, কিন্তু তিনিও শ্রমিকদের সাথে সাক্ষাত করেননি। উপায়ন্ত না দেখে অসহায় শ্রমিকরা পুলিশের সহযোগিতা চেয়ে ৯৯৯ ফোন দিলে রাত ১১ টার দিকে পুলিশ বাগানে আসে, পরে পুলিশের সহযোগিতায় আহত শ্রমিকরা কমলগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসা নেন। মারত্মক আহত হরিনারায়ন হাজরার মাথায় ৬ টি সেলাই ও স্বপন নায়েকের মাথায় ১ টি সেলাই লাগে। একথা আজ স্পষ্ট যে শ্রমিকদের দাবিদাওয়া ও চা-বাগান তথা চা শিল্প রক্ষায় হরিনারায়ন হাজরার ভূমিকার কারণেই স্বার্থান্বেষীমহলের রোষানলে পড়তে হয় তাকে। বহিরাগতরাই বাগানোর বাংলোয় উঠে ফুলের টব ভাংচুর করে অথছ বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের উপর দায় চাপাচ্ছে। বাগানের শ্রমিকদের নিরাপত্তা প্রদানের দায়িত্ব বাগান কর্তৃপক্ষের, কিন্তু বাগান কর্তৃপক্ষ তা না করে সন্ত্রাসীদের মদদ দিয়ে উল্টো হামলা ও নির্যাতনের শিকার, চা পাতা চুরির সংবাদদাতা হরিনারায়ন হাজরা, স্বপন নায়েকসহ ৭ জনকে আসামী করে থানায় মামলা করেন। নির্যাতিত শ্রমিকদের পক্ষ থেকেও থানায় অভিযোগ করলে তা এখনও রেকর্ড করা হয়নি। এখন পর্যন্ত হরিনারায়ন হাজরার লুটপাটকৃত গরু, ছাগল ও অর্থ উদ্ধারে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। নেতৃবৃন্দ অবিলম্বে এই ঘটনার সাথে বহিরাগত সন্ত্রাসীদের গ্রেফতার এবং লুটপাটকৃত গরু, ছাগল ও অর্থ উদ্ধার করার জোর দাবি জানান। একই সাথে বাগান শ্রমিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাগান কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।