ডেস্ক রিপোর্ট
১৮ এপ্রিল ২০২১, ৮:৫৫ অপরাহ্ণ
চট্টগ্রাম প্রতিনিধি:: চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার গন্ডামারা ইউনিয়নে এস আলম গ্রুপের কয়লা বিদ্যুত প্রকল্পে আন্দোলনরত শ্রমিকদের হত্যা ও গুলি বর্ষণের প্রতিবাদে এবং বাঁশখালীর শ্রমিক হত্যার বিচার করার দাবিতে চট্টগ্রামে ৪সংগঠনের প্রতিবাদ সমাবেশ।
আজ রোববার (১৮ এপ্রিল) বিকাল ৪ টায় নগরীর নিউমার্কেট দোস্ত বিল্ডিং চত্বরে পুলিশী বাধাঁর মুখে ৪সংগঠনের সমাবেশ অনুষ্ঠিত হয়।
এডভোকেট আমীর আব্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন,গণমুক্তি ইউনিয়ন চট্টগ্রাম জেলার আহ্বায়ক রাজা মিয়া, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের অপু দাশ গুপ্ত ও সত্যজিৎ বিশ্বাস এবং বিপ্লবী শ্রমিক আন্দোলনের জেলা আহ্বাযক রাকিব উদ্দিন।
নেতৃবৃন্দ বলেন,”বাংলাদেশ এখন পুরোপুরি পুলিশী রাষ্ট্র।ফ্যাসিবাদী শাসনের মূল ভিত্তি এই পুলিশ।সভা সমাবেশ করতে পুলিশের অনুমতি নিতে হবে—এটা পুলিশের হুকুম,না হলে চামড়া খুলে ফেলা হবে!সমাবেশের সামনে দাঁড়িয়ে পুলিশ কর্মকর্তার এইরকম হুকুমের স্বাদ নিতে হচ্ছে আজ বাংলাদেশের জনগণকে।এই বাস্তবতার মধ্যে এদেশের জনগণকে বসবাস করতে হচ্ছে এখন।মানুষ হত্যার প্রতিবাদও এখানে করা যাবে না।কারণ হত্যাটা পুলিশের গুলিতেই হয়েছিলো তাই!”
নেতৃবৃন্দ আরো বলেন, ২০১৬সালে এই লুটেরা এস আলম কোম্পানীর নামে কয়লা বিদ্যুতের জন্যে উপকূলীয় গরীব চাষীদের জমি জোর করে দখল করতে গিয়ে সেদিনও ৪জন গ্রামবাসীকে পুলিশ গুলি করে হত্যা করে।আজ পর্যন্ত তার বিচার হয়নি।গতকাল সেই একই স্হানে পুলিশ গুলি করে ৫জন শ্রমিককে হত্যা করে।পুলিশী এই হত্যার তদন্ত বা বিচারের কোনো সুযোগ না রেখে উল্টো শ্রমিকদের বিরুদ্ধেই মামলা করেছে পুলিশ।অথচ লুটপাটকারী অপরাধীরা এখানে সরকারী ও রাষ্ট্রীয় সমাদরে থাকে।শ্রমিকদের নায্য দাবী চাইতে গেলে গুলি খেয়ে মরতে হবে।এটাই এখনকার পরিস্হিতি।
নেতৃবৃন্দ সবশেষে বলেন,বাঁশখালীর শ্রমিক হত্যার বিচার করতে হবে। সভা সমাবেশে পুলিশী আক্রমণ বন্ধ করতে হবে।ডিজিটাল নিরাপত্তা আইনসহ নিবর্তন ও নির্যাতনমূলক সকল আইন বাতিল করতে হবে।”
নেতৃবৃন্দ,সমাবেশ চলাকালীন পুলিশের আচরণের তীব্র নিন্দা জানান।
সমাবেশ পরিচালনা করেন জাতীয় মুক্তি কাউন্সিলের চট্টগ্রাম জেলা কমিটির সদস্য সচিব সামিউল আলম।