ডেস্ক রিপোর্ট
২১ এপ্রিল ২০২১, ২:১১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: রাজশাহীতে ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরের বিরুদ্ধে মামলা করেছে রাজশাহী মহানগর যুবলীগ।
বুধবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলাটি করেন রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ‘সাবেক ভিপি নূর তার নিজস্ব ফেসবুক আইডি থেকে আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের ধর্মের অনুভূতির প্রতি আঘাত করেছেন। শুধু তাই নয়, বিভিন্ন সময় তিনি বর্তমান সরকার ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর মন্তব্য করছেন। এছাড়া তার বক্তব্যের মধ্য দিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা সৃষ্টি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তিনি পুলিশের এলএমজি পোস্ট তৈরি, আওয়ামী লীগ নেতাকর্মীদের চাঁদাবাজ আখ্যায়িত করাসহ বিভিন্ন অশোভনীয় মন্তব্য করেছেন। তার এ সমস্ত অপ্রীতিকর মন্তব্যের প্রতিবাদে দেশের প্রচলিত তথ্য প্রযুক্তি ধারায় মামলা করা হয়েছে।’
এদিকে রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি মো. রমজান আলী জানান, গত দুদিন ধরেই এই বিষয়ে রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক তৌরিদ আল মাসুদ রনির চেম্বারে বসে আমাদের আলোচনা-পর্যালোচনা হয়। পরবর্তীতে সকলের সিদ্ধান্তের প্রেক্ষিতে আজ বেলা সাড়ে ১১ টায় বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়।
মালমা দায়ের করার সময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চু, রাজশাহী মহানগর যুবলীগের সহ-সম্পাদক মো. শরিফুল ইসলাম, ৩০নং ওয়ার্ডের সভাপতি সাব্বির রাজ, আব্দুর রাজ্জাক রনিসহ প্রমুখ নেতৃবৃন্দ।
নূরের বিরুদ্ধে করা মামলার সত্যতা নিশ্চিত করে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, ‘ভিপি নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের হয়েছে। মামলাটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সাপেক্ষে পদক্ষেপ নেয়ারও প্রস্তুতি চলছে।’