ডেস্ক রিপোর্ট

১৮ এপ্রিল ২০২১, ৯:৫৭ অপরাহ্ণ

বাঁশখালীতে শ্রমিক হত্যায় জড়িতদের শাস্তির দাবি বাম জোট ময়মনসিংহ জেলার

আপডেট টাইম : এপ্রিল ১৮, ২০২১ ৯:৫৭ অপরাহ্ণ

শেয়ার করুন

ময়মনসিংহ প্রতিনিধি:: চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রুপের বিদ্যুৎ কেন্দ্রে আন্দোলনরত শ্রমিকদের উপর গুলি চালিয়ে ৫ জন শ্রমিক হত্যার সাথে জড়িত মালিক ও পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বাম গণতান্ত্রিক জোট ময়মনসিংহ জেলা শাখা।

বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক এবং বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক শেখর রায়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি এডভোকেট এমদাদুল হক মিল্লাত, বাসদ ময়মনসিংহ জোন ইনচার্জ ইমাম হোসেন খোকন, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) জেলা নেতা তপন সাহা চৌধুরী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি শহর শাখার আহবায়ক আবুল কালাম আল আজাদ, গণসংহতি আন্দোলনের সংগঠক অমিত হাসান দিপু যৌথভাবে এক বিবৃতিতে এই দাবি জানান।

বিবৃতিতে বলেন- ‘ শ্রমিকদের দাবি নিয়ে আন্দোলন করা একটি গণতান্ত্রিক অধিকার। বাশখালীতে শ্রমিকরা বকেয়া বেতন বোনাস, রমজান মাসে ইফতারের ছুটির সময় বাড়ানো, স্বাস্থ্যকর টয়লেট ইত্যাদি দাবিতে ন্যায্য আন্দোলনে নেমেছিল। কিন্তু মালিকপক্ষ নূন্যতম এ দাবি পূরণ না করে বর্বরভাবে পুলিশ দিয়ে গুলি চালিয়ে ৫ জন শ্রমিককে হত্যা করে। একইভাবে এই বিদ্যুৎ কেন্দ্রের জমি অধগ্রহণের সময়ও গুলি করে ৪ জনকে হত্যা করেছিল। সরকারের পুলিশ বারবার মালিকপক্ষের হয়ে শ্রমিক হত্যার ঘটনায় সরকারের ভুমিকা স্পষ্ট। সরকার এস আলম গ্রুপের মত লুটপাটকারী, ঋণখেলাপীদের মুনাফার স্বার্থে নূন্যতম প্রতিবাদ সহ্য করছে না। ভোট ডাকাতির সরকার আর জনগণের সম্পদ লুটপাটকারী পুঁজিপতিরা মিলেমিশে একাকার। ফলে মালিকদের স্বার্থ রক্ষা করতে আওয়ামী ফ্যাসিবাদী সরকার বারবার শ্রমিক হত্যা করছে।’

নেতৃবৃন্দ আরও বলেন – ‘ চূড়ান্ত গনবিরোধী সরকার ও মালিকশ্রেণীর মদদে ৫ জন শ্রমিক হত্যা দেশের গণতন্ত্রকামী মানুষ মেনে নেবে না। আমরা অবিলম্বে শ্রমিক হত্যার সাথে জড়িত মালিক ও পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। নিহত ও আহত শ্রমিকদের যথোপযুক্ত ক্ষতিপূরণ, চিকিৎসার ব্যবস্থার দাবি করছি। অবিলম্বে শ্রমিকদের সকল দাবি মেনে নেয়া এবং মামলা-হয়রানি বন্ধের দাবি জানাচ্ছি। যদিও একথা স্পষ্ট এই গনবিরোধী আওয়ামীলীগ সরকার এসকল দাবি পূরণ করবে না। সেজন্য দেশের সকল গণতান্ত্রিক ব্যক্তি ও সংগঠনের প্রতি আমরা আহবান জানায় আসুন ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে এ সকল দাবি পূরণে বাধ্য করি।’

নেতৃবৃন্দ বাঁশখালীতে শ্রমিক হত্যার প্রতিবাদে ময়মনসিংহে বাম গণতান্ত্রিক জোট আহুত কর্মসুচী বন্ধে উপর্যুপরি পুলিশি হুমকির নিন্দা জানান।

 

শেয়ার করুন