ডেস্ক রিপোর্ট
১৮ এপ্রিল ২০২১, ৮:০৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণে ভোক্তা স্বার্থ রক্ষা না করে বেসরকারি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করেছ বলে মন্তব্য করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান এলপিজি সিলিন্ডারের দাম কমিয়ে পুননির্ধারণ করার দাবি জানিয়েছেন।
আজ রোববার (১৮ এপ্রিল ২০২১) সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে তিনি এই দাবি জানান।
বিবৃতিতে তিনি বেসরকারি সিলিন্ডারের দাম কমিয়ে পুননির্ধারণ করে খুচরা বাজারে তা কার্যকর করার দাবি জানিয়েছেন।
বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণের জন্য সম্প্রতি বিইআরসি গণশুনানী করেছে। সেখানে ভোক্তা সংগঠন ক্যাব সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা যে সব মতামত দিয়েছিল, জনস্বার্থের সেইসব মতামত বিইআরসি’র সিদ্ধান্তে প্রতিফলিত হয়নি।
বিবৃতিতে তিনি বলেন, গণশুনানীতে বিইআরসি’র টেকনিক্যাল কমিটিও বেসরকারি ১২ কেজি সিলিন্ডারের দাম ৮৬৬ টাকা প্রস্তাব করেছিল, ক্যাবসহ অন্যরা যুক্তি ও তথ্য দিয়ে বলেছিল ১২ কেজি সিলিন্ডারের দাম কোন ক্রমেই ৭৫০ থেকে ৮০০ টাকার বেশি হতে পারে না। অথচ দাম নির্ধারণ করা হলে ৯৭৫ টাকা। এমনকি ঐ দামও খুচরা বাজারে কার্যকর নাই। অনেক বেশি দামে ভোক্তা জনগণকে কিনতে হচ্ছে।