ডেস্ক রিপোর্ট
২ এপ্রিল ২০২১, ২:৩১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের অব্যাহত অগ্রযাত্রায় নিজেদের সম্পৃক্ত না করে বিএনপি অবিরাম মিথ্যাচার আর চলার পথে বাধা সৃষ্টির অপকৌশল গ্রহণ করেছে। শেখ হাসিনা সরকারের বিরোধিতা করতে গিয়ে তারা রাষ্ট্রের বিরোধিতা করছে।
বৃহস্পতিবার সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নানা ঘাত-প্রতিঘাত মোকাবিলা করে শেখ হাসিনা সরকার দেশের গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এ ধারাকে আরও অর্থবহ করতে প্রয়োজন সকলের সম্মিলিত প্রয়াস।
তিনি আরও বলেন, কিন্তু বিএনপি গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রতিটি পদক্ষেপ তাদের স্বভাবজাত নেতিবাচক রাজনীতি দিয়ে বিনষ্ট করছে। তবে মিথ্যাবাদী রাখালের মত বিএনপির কথা জনগণ এখন আর বিশ্বাস করে না।
‘সরকার জনগণের ওপর জুলুম করছে’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রকৃতপক্ষে সরকার নয়, আন্দোলনের নামে বিএনপিই মানুষের প্রাণ ও সম্পদহানি ঘটিয়ে জুলুম-অত্যাচার চালিয়ে যাচ্ছে। এদেশে রাজনৈতিক মুখোশের আড়ালে জুলুমতন্ত্র কায়েম করেছিল বিএনপি।
তিনি বলেন, স্বাধীনতাবিরোধী উগ্র সাম্প্রদায়িক শক্তিকে সঙ্গে নিয়ে বিএনপি আবারও নৈরাজ্য তৈরির অপপ্রয়াস চালাচ্ছে। এসব অপকৌশল করে ক্ষমতায় যাওয়া যাবে না। ক্ষমতায় যেতে হলে জনগণের রাজনীতি করতে হবে।
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধির চলমান প্রেক্ষাপটে সরকার জনস্বার্থে শর্তসাপেক্ষে গণপরিবহনের ভাড়া সমন্বয় করছে। জনস্বার্থেই অর্ধেক আসন খালি রেখে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালানোর নিদের্শনা দেওয়া হয়েছে। কিন্তু অভিযোগ পাওয়া যাচ্ছে, অনেকে সরকারি নির্দেশনা মেনে চললেও অনেকেই আবার সেটা মানছেন না। গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করারও অভিযোগ পাওয়া যাচ্ছে।
পরিবহন মালিক ও শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, গণপরিবহন যেন নতুন করে করোনা সংক্রমণের ক্ষেত্র হিসেবে বিস্তৃতি ঘটাতে না পারে, সেদিকে সংশ্লিষ্ট সকলকে নজর রাখতে হবে। অর্ধেক আসন খালি রেখে ও স্বাস্থ্যবিধি মেনে সমন্বয় করা ভাড়ায় গণপরিবহন চালাতে হবে। অতিরিক্ত ভাড়া আদায়কারী ও নির্দেশনা প্রতিপালনে ব্যর্থ পরিবহনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বিআরটিএ ও আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বিদ্যমান পরিস্থিতিতে অস্থিরতা প্রদর্শন না করে নিজেদের সুরক্ষার স্বার্থেই অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত মেনে চলার জন্য সকলকে ধৈর্য ধারণের আহ্বান জানান ওবায়দুল কাদের।