ডেস্ক রিপোর্ট
১১ নভেম্বর ২০২৬, ৬:৪৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: ব্যাটারিচালিত যানবাহন (ই-রিক্সা) চলাচল বিধিমালা, ২০২৬” সংশোধনে ৯ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে রিক্সা, ব্যাটারি রিক্সাভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ ঢাকা মহানগর শাখা কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ ১১ নভেম্বর সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে ও সমাবেশ শেষে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন এর প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
স্মারকলিপি পেশ করার পূর্বে সমাবেশে সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদ ঢাকা মহানগর শাখার সহ-সভাপতি জালাল আহমেদ।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগ্রামপরিষদের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সভাপতি শ্রমিক নেতা কমরেড রাজেকুজ্জামান রতন, সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক খালেকুজ্জামান লিপন, কেন্দ্রীয় নেতা এস এম কাদির, মহানগর উপদেষ্টা আফজাল
হোসেন, মহানগর শাখার সদস্য সাবেক ছাত্র নেতা রায়হান উদ্দীন, পায়েল আক্তার নুপুর, সেকান্দার আলী, মো: হাসান, বাবু হাসান।
সমাবেশে বক্তাগন বলেন, ২০১৩ সাল থেকে দেশব্যাপী প্রথম ও একমাত্র জাতীয় সংগঠন হিসেবে ঢাকা,বরিশাল, চট্টগ্রাম ,খুলনা, সিলেটসহ ৪৬টি জেলায় রিক্সা, ব্যাটারি রিক্সা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের নেতৃত্বে ব্যাটারিচালিত যানবাহনের বৈধতার দাবিতে আন্দোলন করে আসছে। বেশ কয়েকবার স্মারকলিপির মাধ্যমে নীতিমালা, বিধিমালা এবং আধুনিকায়নের ব্যাপারে সুপারিশ দিয়েছি, আজকের এই বিধিমালা আমাদের ধারাবাহিক আন্দোলনের ফসল। কিন্তু শুরু থেকেই এতগুলি গুরুতর অসংগতি বা অস্পষ্টতা নিয়ে যাত্রা শুরু করলে ৬০ লক্ষ যানবাহনের খাতে বা সড়ক ব্যবস্থাপনায় এই বিধিমালা শৃঙ্খলার পরিবর্তে জটিলতা সৃষ্টি করতে পারে। রিক্সা খাতে জনগণের বিপুল বিনিয়োগ আছে আর জীবিকার উপকরণ ধ্বংস করা কোনভাবেই কাম্য নয়। ফলে আমরা আশা করব বিধিমালাকে বিদ্যমান গাড়ি উচ্ছেদের হাতিয়ার না করে বর্তমানে রাস্তায় চলাচলরত গাড়ির কাঠামো পরিবর্তনের জন্য কমপক্ষে ২ বছর প্রদান করতে হবে। যে কোন একটা যানবাহনের কেন্দ্রে থাকে চালক কিন্ত বিধিমালার কোথাও চালকদের লাইসেন্স নেওয়ার বিষয়টি উল্লেখ নাই। একজান চালক প্রশিক্ষণ বা লাইসেন্স ছাড়া কিভাবে ব্যাটারি রিক্সা চালাবে। ফলে বিধিমালায় গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে চালকদের লাইসেন্স এর বিষয়টি সংযোজন করার জোর দাবি বা প্রস্তাবনা থাকবে।
বক্তাগন বলেন, ই-রিক্সার লাইসেন্স, ফিটনেস, ও উৎপাদনের অনুমোদন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা, প্রকৃত চালক-মালিকদের লাইসেন্স ও নিবন্ধন প্রাপ্তি নিশ্চিত করা এবং নিবন্ধন-নবায়ন ফি কমানোর আহ্বান জানা। বক্তাগন আরোও বলেন, সৌর বিদ্যুত ব্যবহার, গাড়ির বীমা প্রসঙ্গে বলেন, সৌর বিদ্যুতের অনেক ব্যয়বহুল যা রিক্সা চলক বা ক্ষুদ্র মালিকের পক্ষে যা বহন করা সম্ভব না। ফলে মহানগরের গুরুত্বপূর্ণ স্থানে চার্জিং স্টেশন স্থাপন করা ও কোন গাড়ি বা বীমা কোম্পানির কাছে রিক্সাকে জিম্মি না করারও আহ্বান জানান বক্তাগন। একই সাথে ঢাকা মহানগরের প্রধান সড়ক চিহ্নিত করে তার তালিকা প্রকাশ করা, বিধিমালা সংশোধন,সংযোজন প্রক্রিয়ায় সকল অংশীজনকে যুক্ত করাসহ সংগ্রাম পরিষদের ৯ দফা দাবি বা প্রস্তাবনা মেনে সরকার নীতিমালায় প্রয়োজনীয় সংশোধন -সংযোজন করবেন বলে সংগ্রাম পরিষদ প্রত্যাশা করছে।
এ ক্ষেত্রে সংগ্রাম পরিষদের সহযোগিতা থাকবে। কিন্ত ৯ দফা নিয়ে গড়িমাসি বা উপেক্ষা করলে সংগ্রাম পরিষদ পরবর্তীতে দেশব্যাপী কঠোর কর্মসূচী ঘোষনা করতে বাধ্য বলে হুশিয়ারি উচ্চারণ করেন।
সমাবেশ শেষে সংগ্রাম পরিষদের একটা মিছিল প্রেসক্লাব, কদম ফোয়ার, শিক্ষা ভবন, হাইকোর্ট মোড়, বংগবাজার হয়ে নগর ভবনের গেইটে এসে শেষ হয়। সেখান থেকে সংগ্রাম পরিষদের নেতা এস এম কাদির ও মহানগর শাখার সহ-সভাপতি জালাল আহমেদ এর নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এর হাতে এবং সংগ্রাম পরিষদ নেতা রায়হান উদ্দিন, পায়েল আক্তার নুপুর এর নেতৃত্বে একটি টিম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের একান্ত সচিব উপ-সচিব মো: আব্দুল্লাহ’র হাতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জন্য প্রেরিত স্মারকলিপি প্রদান করেন।