ডেস্ক রিপোর্ট
৬ জুলাই ২০২১, ৪:৪৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: মহামারি করোনাভাইরাস চুয়াডাঙ্গায় ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিনই করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। সোমবার জেলায় করোনায় ও উপসর্গে আরও ১১ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আলমগীর হোসেন ও আলমডাঙ্গার চিৎলা ইউপির শুকুর আলীসহ চারজন করোনা শনাক্ত হয়ে মারা গেছেন। এছাড়া জেলায় করোনা উপসর্গে মৃত্যু হয়েছে আরও সাতজনের। এদের মধ্যে হাসপাতালে তিনজন এবং বাড়িতে চারজন মারা যান।
এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা ১১৭ জনে পৌঁছেছে। এর মধ্যে ১০১ জন চুয়াডাঙ্গায়, বাকি ১৬ জন চুয়াডাঙ্গার বাইরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
চুয়াডাঙ্গায় গত এক সপ্তাহ ধরে নুমনা পরীক্ষার অনুপাতে করোনার শনাক্তের হার ৩৬ দশমিক ৪১ শতাংশ। গত সাতদিনে ১৮৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৬৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সর্বশেষ সোমবার ৩৯৩ জনের নমুনা পরীক্ষা করে ১৪০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলার ৪৪ জন, আলমডাঙ্গার ২১ জন, দামুড়হুদার ১৮ জন ও জীবননগর উপজেলার ৫৭ জন রয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩৯৪৫ জনের।
সোমবার পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২৩৪৬ জন। বর্তমানে চুয়াডাঙ্গায় শনাক্তকৃত সক্রিয় রোগীর মধ্যে হাসপাতালে ১৩৮ জন ও বাড়িতে ১৩৪১ জন চিকিৎসাধীন রয়েছেন।