ডেস্ক রিপোর্ট

২৮ সেপ্টেম্বর ২০২৫, ৮:২১ অপরাহ্ণ

বাসদ নেতা আবু জাফর ও প্রণব পালের মুক্তির দাবিতে বামজোটের মিছিল

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের আন্দোলনে সংহতি জানিয়ে আন্দোলনে নেমে গ্রেপ্তার হওয়া বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর ও সদস্যসচিব প্রণব জ্যোতি পালসহ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগর মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে বাম গণতান্ত্রিক জোট।

নেতৃবৃন্দ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, শ্রমিক ফ্রন্ট নেতা সৈকত ও রনিকে গ্রেপ্তারের প্রতিবাদ জানান এবং তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা ও বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সমন্বয়ক সঞ্জয় কান্ত দাসের সভাপতিত্বে ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক মাশরুখ জলিলের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সুশান্ত সিনহা সুমন, সিপিবি সিলেট জেলার অন্যতম নেতা অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ সিলেট জেলার সদস্য নাজিকুল ইসলাম রানা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি মনীষা ওয়াহিদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সুমিত কান্তি দাশ পিনাক, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর শাখার সভাপতি তানজিনা বেগম।

এ সময় উপস্থিত ছিলেন সিপিবি সিলেট জেলার সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার নেতা অ্যাডভোকেট রনেন সরকার রনি প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সিলেটসহ সারাদেশের প্রায় ৬০ লাখ ব্যাটারিচালিত যানবাহন শ্রমিকদের জীবন-জীবিকা রক্ষার আন্দোলনে কোন সেক্টরের শ্রমিক কিংবা যাত্রী সাধারণ কেউই প্রতিপক্ষ নয়। প্রায় ৬০ লাখ ব্যাটারিচালিত যানবাহন শ্রমিক তার উপর নির্ভরশীল আড়াই কোটি নির্ভরশীল মানুষের পক্ষে সংগ্রাম পরিষদের যৌক্তিক আন্দোলনের প্রেক্ষিতে সরকার ইতিমধ্যে ‘বৈদ্যুতিক থ্রি-হুইলার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ চুড়ান্তকরণের প্রক্রিয়া শুরু করেছেন। ঠিক এই সময়ে সিলেট নগরীতে ব্যাটারিচালিত যানবাহন নিষিদ্ধ কিংবা অদৃশ্য ঘাতক উল্লেখ করা সরকারের গৃহীত পদক্ষেপের পরিপন্থী।

সড়ক দুর্ঘটনার জন্য এককভাবে কোনভাবেই ব্যাটারিচালিত যানবাহন দায়ী নয় জানিয়ে তারা বলেন, ‘যাত্রী কল্যাণ সমিতি তথ্যানুযায়ী ৮৫ শতাংশ সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়ে থাকে বিভিন্ন পরিবহন দ্বারা। মাত্র ১৫ শতাংশ দুর্ঘটনা সংগঠিত হয় ব্যাটারিচালিত যানবাহন দ্বারা। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নানা সূত্র মতে সারা দেশে ব্যাটারি চালিত যানবাহন প্রতিদিন প্রায় ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার হয়। অন্যদিকে দেশে বিদ্যুৎ উৎপাদনের প্রতিদিনের সক্ষমতা ২৫ হাজার মেগাওয়াট। তাহলে মাত্র ২ থেকে আড়াই শতাংশ বিদ্যুৎ প্রয়োজন হয় সারাদেশের ব্যাটারি চালিত যানবাহনের জন্য।

এই বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে সারাদেশের ৩ কোটি মানুষের জীবিকা এবং ২ কোটি মানুষের যাতায়াত সুবিধা নিশ্চিত হয়। ব্যাটারি চালিত যানবাহন পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী। তেল চালিত গাড়ি দেশের কার্বন নিঃসরণের প্রায় ১৬ শতাংশ পরিবেশ দূষণের জন্য দায়ী, যা দেশের তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখছে। যার কারণে গোটা দুনিয়াতে তেল চালিত গাড়ির পরিবর্তে ইবি বেইক্যাল বা বিদ্যুৎ চালিত যানবাহন উৎসাহিত করা হচ্ছে। এই যৌক্তিক আন্দোলনে অংশগ্রহণ করার কারণে বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পালকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়। নেতৃবৃন্দ অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার এবং নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর থেকে অবৈধ যানবাহনের বিরুদ্ধে চলছে মহানগর পুলিশের বিশেষ অভিযান। এই অভিযানে প্রতিদিনই আটক করা হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা। ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ, চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে গত বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাই মালিক-শ্রমিকরা। ওই বিক্ষোভ মিছিল থেকে বন্দরবাজার ও মেন্দিবাগ এলাকায় সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসে হামলা ভাঙচুর করা হয়। এ ঘটনায় করা মামলায় আবু জাফর ও সদস্যসচিব প্রণব জ্যোতি পালকে গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার এই দুই নেতা গ্রেপ্তারের আগে দুপুর ১২টায় ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি প্রদানের দাবিতে সমাবেশে ছিলেন। এবং গ্রেপ্তার করা একজনের দাবি যেদিনের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেদিন তিনি ঢাকায় একটি কনফারেন্সে ছিলেন।

শেয়ার করুন