ডেস্ক রিপোর্ট

৩০ জুন ২০২১, ৮:২৮ অপরাহ্ণ

কমরেড আব্দুল্লাহ শাহরিয়ার সাগরের মৃত্যুতে বাসদ কেন্দ্রীয় কমিটির শোক

আপডেট টাইম : জুন ৩০, ২০২১ ৮:২৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: প্রগতিশীল সাংবাদিক ও গণমাধ্যম কর্মী ফোরাম’ এর আহবায়ক, বাসদ ঢাকা মহানগর বর্ধিত ফোরাম ও মোহাম্মদপুর থানা শাখার সদস্য কমরেড আব্দুল্লাহ শাহরিয়ার সাগরের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাসদ কেন্দ্রীয় কমিটি

আজ বুধবার (৩০ জুন ২০২১) বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান সংবাপত্রে দেয়া এক বিবৃতিতে এই শোক জানান।

বিবৃতিতে কমরেড খালেকুজ্জামান বলেন, কমরেড শাহরিয়ার সাগর দীর্ঘদিন থেকেই উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও কিডনি জটিলতায় ভোগছিলেন। সম্প্রতি তার ক্রিয়েটিনিন মাত্রা ১০ এর উপর চলে গেলে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি হয়ে ডায়ালাইসিস করছিলেন। ডাক্তার তাঁকে সপ্তাহে দুই দিন ডায়ালাইসিস করার পরামর্শ দিয়ে হাসপাতাল থেকে রিলিজ করে দেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছিলেন। গতকাল ২৯ জুন ২০২১ দ্বিতীয় দফা ডায়ালাইসিস করে বাসায় ফিরে সুস্থ বোধ করছিলেন। পরিবারের সদস্যদের সাথে একত্রে রাতের খাবার গ্রহণ করে টেলিভিশন দেখছিলেন। রাত সাড়ে ১১টায় ঘুম পাচ্ছে বলে ঘুমাতে যান এবং অতঃপর ম্যাসিভ হার্ট এটাকে রাত ১টায় তিনি মৃত্যুবরণ করেন।

বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, কমরেড সাগর ১৯৮০ সালে বাসদ এর প্রতিষ্ঠালগ্ন থেকেই দলের সাথে নানা মাত্রায় সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। দলের আভ্যন্তরীণ সংগ্রামে সবসময় দলের সঠিক নীতিনিষ্ঠ সংগ্রামের পক্ষে ছিল তার অত্যন্ত দৃঢ় ও বলিষ্ঠ অবস্থান। মৃত্যুর আগ পর্যন্ত দলের আদর্শকে ধারণ করে মেহনতি মানুষের মুক্তি সংগ্রামে রাজপথে এবং গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিল তাঁর সক্রিয় অংশগ্রহণ। কমরেড সাগর বাংলাদেশ টেলিভিশনের মুক্তিযুদ্ধ মঞ্চ অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন। মুক্তিযুদ্ধের অনেক অজানা তথ্য তাঁর বলিষ্ঠ ও অনুসন্ধানী প্রতিবেদনে দেশবাসী জানতে পেরেছেন।

তাঁর এই অকাল মৃত্যুতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ হারিয়েছে এক নিবেদিত প্রাণ সৎ, একনিষ্ঠ কর্মীকে। শ্রমজীবী মানুষ হারালো তাদের অকৃত্রিম বন্ধু-সহযোদ্ধাকে, দেশ হারালো মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা সেক্যুলার-গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন এক দেশপ্রেমিককে।

বিবৃতিতে খালেকুজ্জামান কমরেড সাগরের আজন্ম লালিত স্বপ্ন শোষণহীন সাম্য সমাজ প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করার মাধ্যমে তাঁর সংগ্রামী জীবন ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সারাদেশের নেতা-কর্মী-সমর্থক-দরদীদের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন