ডেস্ক রিপোর্ট
৪ জুলাই ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গৃহবধূকে ধর্ষণের পর গলা কেটে হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৩ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার এ রায় দেন।
আদালতের পাবলিক প্রসিকিউটরর (পিপি) অ্যাডভোকেট এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ভোলাহাট উপজেলার বালুটুংগী গ্রামের মৃত গামজাদের ছেলে জাক্কার (৩৭), একই গ্রামের মৃত মিয়ারুদ্দিনের ছেলে মুনসুর আলী (৪০) ও মুশরীভুজা গ্রামের আব্দুল কারিমের ছেলে মফিদুল ইসলাম ওরফে সাহিরুল (৩৮)।
আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৭ আগস্ট ভোলাহাট উপজেলার ঘাইবাড়ী গ্রামে গরু-ছাগলের ঘাস কাটতে গিয়ে ধর্ষণের শিকার হন ভোলাহাট উপজেলার মৃত এন্তাজ আলীর স্ত্রী সেমালী খাতুন কান্দুনী (৪৫)। ধর্ষণের পর তাকে গলা কেটে হত্যা করা হয়। পরদিন সকালে মাথাবিহীন রক্তাক্ত মরদেহ উদ্বার করেন স্থানীয়রা। এ ঘটনার পরদিন ১৮ আগস্ট রাতে ভোলাহাট থানায় বাদী হয়ে মামলা করেন নিহতের মেয়ে শারাবনী বেগম। মামলার তদন্ত শেষে একই বছরের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন ভোলাহাট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন।
পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এনামুল হক জানান, দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে বুধবার দুপুরে তিন আসামির উপস্থিতিতে বিজ্ঞ বিচারক এ রায় দেন।