ডেস্ক রিপোর্ট

২৮ ডিসেম্বর ২০২৩, ৯:৪৯ অপরাহ্ণ

সরকার আবারও একদলীয় নির্বাচন সংগঠিত করতে চাইছে: রুহিন হোসেন প্রিন্স

আপডেট টাইম : ডিসেম্বর ২৮, ২০২৩ ৯:৪৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স বলেছেন, গণদাবি ও জনমত উপেক্ষা করে সরকার আবারও একদলীয় প্রহসনের নির্বাচন সংগঠিত করতে চাইছে, যা কোনো ভাবে নৈতিক বৈধতা পাবে না।

তিনি বলেন দেশের রাজনীতি অতীতের যেকোনো সময়ের তুলনায় সংকটপূর্ণ মুহূর্ত অতিক্রম করছে। দেশের অর্থনীতির সংকটের কথা অর্থনীতিবিদরা বলেছেন, এই সংকট থেকে দেশ বাঁচাতে যখন রাজনৈতিক ঐক্যমত দরকার তখন এই প্রহসনের নির্বাচন আরও বৈরিতার দিকে ঠেলে দেবে। এ অবস্থা থেকে মুক্তি পেতে চলমান নির্বাচনী তফসিল এবং সংসদ বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ তদারকী সরকারের অধীনে নির্বাচন নতুন ঘোষণার দাবী জানান।

আজ ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় খুলনা সিপিবি কার্যালয়ে খুলনা জেলা সভাপতি কমরেড ডাঃ মনোজ দাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদের পরিচালনায় অনুষ্ঠিত কর্মিসভায় কমরেড রুহিন হোসেন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের সাধারণ মানুষ জীবন চালাতে চরম সংকটে পড়েছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন, সাধারণ মানুষের আয় কমে গেছে। অন্যদিকে সংসদ সদস্যদের কোটি কোটি টাকার তথ্য বেরুচ্ছে যা সাধারণ মানুষকে হতবাক করেছে। তিনি বলেন, দুর্বৃত্তায়িত রাজনীতি আজ শাসক দলগুলো পরিচালনা করছে। এরা দেশ গণতন্ত্রহীন, সাম্প্রদায়িক, লুটপাটের রাজত্ব ও সাম্রাজ্যবাদীদের আধিপত্যে পরিণত করছে। এ অবস্থা থেকে দেশ-মানুষ বাঁচাতে চলমান ভোট বর্জন, ভোটাধিকার প্রতিষ্ঠা, দুঃশাসনের অবসান ও ব্যবস্থা বদলানের সংগ্রাম অগ্রসর করতে হবে।

তিনি দেশবাশীকে নিজের স্বার্থে নীতিহীন রাজনীতি পরিত্যাগ করে নীতিনিষ্ঠ রাজনীতির পতাকা তলে সমবেত হওয়ার আহ্বান জানান।

এ সময়ে কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমরেড শেখ আব্দুল হান্নান, কমরেড এইচ এম শাহাদাৎ, কমরেড এড. চিত্তরঞ্জন গোলদার, কমরেড সুতপা বেদজ্ঞ, কমরেড সুখেন রায়, কমরেড এড. নিত্যানন্দ ঢালী, কমরেড গাজী আফজাল হোসেন, কমরেড শেখ আব্দুল হালিম, কমরেড এস এম চন্দন, কমরেড তোফাজ্জেল হোসেন, কমরেড নিতাই পাল, কমরেড অধ্যাপক সঞ্জয় সাহা, কমরেড হরমুজ আলী, কমরেড মনির হোসেন, কমরেড পূর্ণেন্দু বিশ্বাস, কমরেড রঙ্গলাল মৃধা, কমরেড ফজলুল হক প্রমুখ।

শেয়ার করুন