ডেস্ক রিপোর্ট
২৫ নভেম্বর ২০২৩, ৯:৪১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: সরকারের একতরফা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে সমাবেশ করেছে বাসদ (মার্কসবাদী) ময়মনসিংহ জেলা শাখা। বাসদ (মার্কসবাদী)’র ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ সমাজতান্ত্রিক বিপ্লব এর ১০৬ তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ এ আহবান জানান।
আজ ২৫ নভেম্বর বিকাল ৩ টায় ময়মনসিংহ নগরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য কমরেড জয়দীপ ভট্টাচার্য, জেলা কমিটির সদস্য আরিফুল হাসান। সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক শেখর রায়, পরিচালনা করেন জেলা কমিটির সদস্য অজিত দাস।
সমাবেশে বক্তারা বলেন- আওয়ামিলীগ সরকার গণদাবী উপেক্ষা করে একতরফাভাবে নির্বাচনের তফশিল ঘোষণা করেছে। ২০১৪ ও ২০১৮ সালে ভোট ডাকাতির মাধ্যমে আওয়ামীলীগ দেশে ভয়াবহ ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। তারা বৃহৎ পুঁজিপতিদের স্বার্থে উন্নয়নের নামে লুটপাট, দূর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে। সিন্ডিকেট করে সকল নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়েছে অস্বাভাবিক হারে। সাধারণ মানুষের সকল গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। রাষ্ট্রীয় প্রশাসন ও পুলিশ র্যাব, বিচারবিভাগকে ব্যবহার করে জনগণের মত প্রকাশ রুদ্ধ করেছে। এ পরিস্থিতিতে সারাদেশের মানুষের মধ্যে গণদাবি ওঠে এই সরকারের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হবে না, নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। কিন্তু সরকার সকল বিরোধী দল ও জনমত উপেক্ষা করে আবারও একটা পাতানো নির্বাচনের লক্ষ্যে তফশিল ঘোষণা করেছে।’
বক্তারা আরও বলেন- ‘আওয়ামী ফ্যাসিবাদী সরকারের নীলনকশার এই নির্বাচনী তফশিল দেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। ইতিমধ্যে সকল বিরোধী দল দলীয় সরকারের অধীনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। আমাদের দল ও বাম গণতান্ত্রিক জোট এই নীলনকশার একতরফা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। আমরা মনে করি এই সরকার আবারও পাতানো একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলে জনগণের উপর দমন-পীড়ন তীব্রতর হবে। অর্থনৈতিক রাজনৈতিক সংকট তীব্র হবে। দেশের সাধারণ শ্রমজীবী মানুষের অবস্থা আরও সংকটাপন্ন হবে।
বক্তারা বলেন-এ পরিস্থিতিতে সরকারের এই নীলনকশা নির্বাচন বর্জন করে গণতান্ত্রিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।’ সমাবেশের পূর্বে বিভিন্ন দাবিসম্বলিত একটি মিছিল নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।