ডেস্ক রিপোর্ট
২ জুন ২০২১, ৯:০৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ফাইজারের করোনার টিকা গ্রহণকারী কিছু তরুণের হৃদযন্ত্রে প্রদাহ দেখতে পাওয়ার কথা জানিয়েছে ইসরায়েল। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রদাহের সঙ্গে টিকা গ্রহণের সংযোগ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ফাইজার কর্তৃপক্ষ বলছে, ‘মায়োকার্ডাইটিস’ বা ‘হৃদযন্ত্রের পেশীর প্রদাহ’ স্বাভাবিকের চেয়ে উচ্চ হারে দেখা যায়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের মে পর্যন্ত টিকাগ্রহণকারী ৫০ লাখেরও বেশি মানুষের মধ্যে ২৭৫ জন ‘মায়োকার্ডাইটিসে’ আক্রান্ত হয়েছেন। আক্রান্ত কাউকেই চার দিনের বেশি হাসপাতালে থাকতে হয়নি। এমনকি ৯৫ শতাংশের লক্ষণই ছিল ‘মৃদু’।
ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গবেষণায় দেখা গেছে দ্বিতীয় ডোজ ফাইজারের টিকা গ্রহণের সঙ্গে ১৬ থেকে ৩০ বছর বয়সীদের মায়োকার্ডাইটিসে আক্রান্ত হওয়ার সংযোগ সম্ভবত রয়েছে। ১৬ থেকে ৩০ বছর বয়সীদের এতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।