ডেস্ক রিপোর্ট

৩০ মে ২০২১, ৯:০০ অপরাহ্ণ

সিলেটে দফায় দফায় ভূমিকম্প: ৬ মার্কেট-ভবন বন্ধ রাখার নির্দেশ

আপডেট টাইম : মে ৩০, ২০২১ ৯:০০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সিলেটে দফায় দফায় ভূমিকম্পের ফলে ঝুঁকিপূর্ণ রয়েছে এমন ছয়টি মার্কেট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া একটি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ এবং একটি বহুতল ভবনের বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী দশদিনের জন্য সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এমন নির্দেশ দিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।

এই তালিকায় সিসিকের মালিকাধীন নগরীর বন্দরবাজারের সিটি সুপার মার্কেটও রয়েছে। এ ছাড়া নগরীর বন্দরবাজারের মধুবন সুপার মার্কেট, সমবায় ভবন, সুরমা মার্কেট, জিন্দাবাজারের মিতালী ম্যানশন ও রাজা ম্যানশন রয়েছে। এ ছাড়া জিন্দাবাজারের জেন্টস গ্যালারি নামের আরেকটি ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রাখতে বলা হয়েছে।

 

শনিবার দফায় দফায় ভূমিকম্পের ফলে নগরীর পাঠানটুলা এলাকার ৬ তলাবিশিষ্ট একটি ভবন হেলে পড়ে। রোববার বিশেষজ্ঞদের নিয়ে হেলে পড়া ভবন পরিদর্শন করে তার বাসিন্দাদের সতর্কতামূলকভাবে দশদিনের জন্য অন্যত্র সরে যাওয়ার পরামর্শ দেন মেয়র আরিফুল হক চৌধুরী।

সিসিকের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ ছয়টি মার্কেট ও একটি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নগরীর পাঠানটুলার একটি ভবন হেলে পড়া নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্টদের নিয়ে মেয়র মহোদয় ভবন পরিদর্শণ করে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাসিন্দাদের সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

২০১৯ সালে নগরীর ২৩টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করার পর তাদের নোটিশ দেয় সিসিক। ইতোমধ্যে একটি ভবন ভেঙে ফেলা হয়েছে।

 

শেয়ার করুন