ডেস্ক রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২২, ১১:৪৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেছেন, বিজয়ের ৫১ বছর পার করলেও এখন পর্যন্ত সবার হাতে কাজ ও মুখে ভাত তুলে দেওয়া সম্ভব হয়নি। তিনি বলেন, দুর্বৃত্তরা দেশকে লুটপাট করে খাচ্ছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে।
মহান বিজয় দিবসে আজ শুক্রবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে মোহাম্মদ শাহ আলম এসব কথা বলেন।
এ সময় সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স) বলেন, আজও দেশকে গণতন্ত্রহীনতা, সাম্প্রদায়িকতা ও বৈষম্যমুক্ত করা যায়নি। তিনি বলেন, ‘দেশে এখন পাহাড়সমান বৈষম্য। পাকিস্তান আমলের ২২ পরিবারের হাত থেকে মুক্তি পেলেও দেশে এখন অন্তত ২ হাজার ২০০ পরিবার সৃষ্টি হয়েছে, যাদের সম্পদ আকাশচুম্বী।’
রুহিন হোসেন বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও বৈষম্যমুক্ত দেশ গড়ার শপথ নিতে হবে। এ জন্য রাজনীতিতে নীতিনিষ্ঠ বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষসহ দলটির অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।