ডেস্ক রিপোর্ট
১৭ মে ২০২১, ৫:০০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: একের পর এক বিতর্কের জন্ম দিয়েই চলছেন সারেগামাপা খ্যাত মাঈনুল আহসান নোবেল। বিভিন্ন সময় হ্যাক হওয়ার দাবি করে তার নামের ফেসবুক পেজ থেকে জেমসসহ দেশি বিদেশি বিভিন্ন ব্যক্তিকে গালাগালি করেছেন।
প্রেম বিয়ে নিয়েও সমালোচনার জন্ম দিয়েছেন।
সম্প্রতি এক সংগীত পরিচালকের সঙ্গে বিবাদে জড়িয়ে তাকে হুমকি দেন মামলার। নোবেলের এসব লাগামছাড়া আচরণে যখন বিরক্ত পুরো সংগীতাঙ্গন তখনই তিনি এক সাংবাদিককে অপহরণের হুমকি দিয়ে বিতর্কে নতুন করে আগুন ধরালেন।
সময় নিউজের বিনোদন সাংবাদিক আল কাছিরকে মুঠোফোনে হুমকি দিয়েছেন নোবেল। এক আর্মি অফিসারের আপন শালা দাবি করে কাছিরকে গোয়েন্দা সংস্থা দিয়ে তুলে নিয়ে জেলে ভরার হুমকি দেন তিনি।
এ ঘটনা প্রকাশ হতেই নোবেলকে নিয়ে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছেন অনেকে। ফেসবুকে জানিয়েছেন প্রতিবাদও।
এবার কাছিরকে সমর্থন দিয়ে সাংগঠনিকভাবে নোবেলের এ হুমকির প্রতি নিন্দা জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)।
সংগঠনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার (১৭ মে) এ নিন্দা জানানো হয়।
সেখানে বলা হয়েছে, শিল্পী নোবেলের আগ্রাসীমূলক আচরণে তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছে বাচসাস।
সংগীতশিল্পী মাইনুল হাসান নোবেল সাংবাদিক আল কাছিরকে অপহরণের হুমকি দিয়েছেন। সময় টিভির সময় নিউজের সাংবাদিক ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সদস্য আল কাছিরকে ১৬ তারিখ দিবাগত রাতে মুঠোফোনে হুমকি দেন নোবেল। যার তথ্যপ্রমাণ আল কাছিরের ফোনে ধারণ করা রয়েছে। সেই সঙ্গে নোবেল অশ্রাব্য ভাষায় আল কাছিরকে গালিগালাজ করেন।
নোবেলের এমন আগ্রাসী আচরণে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং নিন্দা জ্ঞাপন করছি। আমরা নোবেলকে সতর্ক করে দিয়ে বলতে চাই, কোনোভাবেই আপনার এমন আচরণ মেনে নেওয়া হবে না।
ভবিষ্যতে যদি পেশাগত দায়িত্ব পালনকালে কোনো সাংবাদিকের সঙ্গে এমন অন্যায় আচরণ করেন, তবে আপনাকে বয়কট করা হবে। সেই সঙ্গে আপনার সঙ্গে যারা কাজ করবেন, বাচসাস তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেবে।’