ডেস্ক রিপোর্ট
২৮ আগস্ট ২০২৬, ২:১৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক : সিলেটে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
একই সময়ে নতুন করে ছয়জনের হাম রোগ শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে ১৫১ জনের মৃত্যু হয়েছে। আর হাম শনাক্ত হয়েছে ১ হাজার ৩১ জনের।
শুক্রবার (২৮ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে দুইজন। দুই শিশুর মধ্যে একজনের বয়স ৫ মাস ও একজনের ১১ মাস। এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে আরও একজন। ওই শিশুর বয়স ৯ মাস।
প্রতিবেদনে আরও বলা হয়- গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১২৮ জন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৯ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬০জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৯ জন ভর্তি হয়েছেন।
এ নিয়ে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত ৩৫৬ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে সবচেয়ে বেশি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪০ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১০ জন রয়েছেন। বাকিরা সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিবেদন আরও বলা হয়, এ পর্যন্ত সিলেট বিভাগে হাম উপসর্গ নিয়ে ১৪১ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১৫১ জন।