ডেস্ক রিপোর্ট
২৮ আগস্ট ২০২৬, ১:১৬ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক : পরিপূর্ণ সংস্কারকে পাশ কাটিয়ে সরকার আংশিক সংস্কার করতে চাইছে, এমন অভিযোগ এনে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। আজ বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদে আইন প্রণয়ন কার্যাবলি শুরু হওয়ার আগে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল।
অন্তর্বর্তী সরকারের আমলে সংবিধান সংস্কার প্রস্তাবের পাশাপাশি বেশ কিছু প্রাতিষ্ঠানিক সংস্কারের লক্ষ্যে কিছু আইনি সংস্কার আনা হয়েছিল। এ জন্য অন্তর্বর্তী সরকারের আমলে ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়। বর্তমান সংসদে নির্ধারিত সময়ের মধ্যে ১৬টি অধ্যাদেশ বিল আকারে আনা হয়নি। ফলে এগুলো কার্যকারিতা হারায়। আর সাতটি অধ্যাদেশ রহিতকরণ বিলের মাধ্যমে বাতিল করা হয়। এগুলো আরও যাচাই–বাছাই করে নতুন বিল আনার কথা বলেছিল সরকার। এর একটি গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ।
অন্যদিকে, জাতীয় মানবাধিকার কমিশন–সংক্রান্ত তিনটি অধ্যাদেশ রহিত করে ২০০৯ সালের জাতীয় মানবাধিকার কমিশন পুনঃপ্রচলনে এ সংসদের প্রথম অধিবেশনে বিল পাস করা হয়েছিল। তখন অধিকতর যাচাই–বাছাই করে মানবাধিকার কমিশন আইন আরও শক্তিশালী করার কথা বলেছিল সরকার।
এ দুটি আইনের খসড়া অনুমোদন করার পর থেকে মানবাধিকারকর্মী, রাজনৈতিক দলসহ বিভিন্ন পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়। খসড়ার কিছু বিষয় নিয়ে সমালোচনা হচ্ছে।
অন্তর্বর্তী সরকার গুমের অভিযোগ তদন্তে জাতীয় মানবাধিকার কমিশনকে ক্ষমতা দিয়ে অধ্যাদেশ করেছিল। সংসদে আনা বিলে এটা রাখা হয়নি। বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করবে। অবশ্য বিলে বলা হয়েছে, কোনো শৃঙ্খলাবাহিনী বা তার কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ আনা হলে সংশ্লিষ্ট বাহিনী ওই অভিযোগের তদন্ত করতে পারবে না। এ ক্ষেত্রে কোনো পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বা স্বপ্রণোদিত হয়ে সরকার ওই অভিযোগের তদন্তভার অভিযুক্ত শৃঙ্খলাবাহিনী ব্যতিরেকে অন্য কোনো শৃ্ঙ্খলাবাহিনী বা আন্তঃবাহিনী তদন্ত দলের কাছে অর্পণ করবে।
অন্যদিকে, জাতীয় মানবাধিকার কমিশন আইনের নতুন খসড়া নিয়েও আপত্তি আছে অংশীজনদের। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের যে ক্ষমতা প্রস্তাব করা হয়েছে এবং কমিশন গঠনের জন্য বাছাই কমিটি করার প্রক্রিয়া, তা নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। কমিশন কতটা স্বাধীন থাকবে, সেটা নিয়েও প্রশ্ন উঠেছে।
আজ সংসদে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল এবং জাতীয় মানবাধিকার কমিশন বিল তোলার আগে আগে বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করে।