ডেস্ক রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২২, ৯:৪৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: লড়াই সংগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ (১৫ সেপ্টেম্বর, ২০২২) এক কর্মীসভার মধ্য দিয়ে কাজী রাকিব হোসাইনকে আহ্বায়ক এবং সালাউদ্দিন আম্মার নিলয় যুগ্ন আহ্বায়ক করে ১৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিকে শপথ পাঠ করান ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ ফয়েজউল্লাহ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: ১) মাসুম রানা জয়, ২) শোয়েব মাহমুদ অনন্ত, ৩) আইরিন আক্তার মিম, ৪) এনামুল হাসান অনয়, ৫) শান্ত দত্ত, ৬) শ্যামজিৎ পাল শুভ্র, ৭) রিপিয়ন চাকমা, ৮) প্রদ্যুত সরকার, ৯) এন্টন চাকমা, ১০) দিগন্ত দাস, ১১) ধ্রুব, ১২) মাহির শাহরিয়ার রেজা, ১৩) বিষ্ণু পন্ডিত
৪ টি সদস্যপদ খালি রাখা হয়েছে যা পরবর্তীতে কাজের মধ্য দিয়ে পূরণ করা হবে এবং আগামী ৩ মাসের মধ্যে আহ্বায়ক কমিটিকে সম্মেলন আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বিগত ১২ মার্চ, ২০২২ ছাত্র ইউনিয়নের ঢাবি সংসদের ৩৪ তম সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। কিছুদিনের মধ্যেই নতুন কমিটির তৎকালীন প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আফিক আহমেদের নামে নিপীড়নের অভিযোগ আসে। ২০ মার্চ, ২০২২ তারিখে আফিক আহমেদকে অব্যাহতি দেওয়া হলেও ফেসবুকে দেওয়া একটি প্রেস বিজ্ঞপ্তিতে ভিক্টিম ব্লেমিং এর সুযোগ তৈরি হয়। পরবর্তীতে সেটি নিয়ে বিতর্কের জন্ম হলে উক্ত বিজ্ঞপ্তিটি সরিয়ে নিয়ে ক্ষমা চাওয়ার বদলে আরেকটি বিজ্ঞপ্তি দিয়ে পূর্বের ভিক্টিম ব্লেমিং এর সুযোগ তৈরি করা বিজ্ঞপ্তির পক্ষে সাফাই গাওয়া হয়। ভিক্টিম ব্লেমিং এর সুযোগ তৈরি করে দেওয়ার প্রেক্ষিতে কেন্দ্রীয় সংসদের জরুরি সভা হতে ঢাবি সংসদের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় এবং ঘটনাটি তদন্তের দায়ভার কেন্দ্রীয় নিপীড়নবিরোধী সেলের উপর ন্যস্ত করা হয়। তদন্ত রিপোর্টে নিপীড়নের ঘটনাটি সমাধানে কমিটির নেতৃবৃন্দের উদাসীনতার বিষয়টি সামনে আসে।
১৪ মার্চ, ২০২২ তারিখে অভিযোগপত্র দেওয়া হলেও তা দ্রুত সমাধান না করে তা ২০ মার্চ, ২০২২ তারিখ পর্যন্ত ঝুলিয়ে রাখা হয়। ভিক্টিমকে নানাভাবে হেনস্তা করা, তাকে চাপ প্রয়োগ করার বিষয়টিও উঠে আসে তদন্ত রিপোর্টে। উক্ত তদন্ত রিপোর্টের ভিত্তিতে ২ এবং ৩ জুন, ২০২২ তারিখে অনুষ্ঠিত ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভা এবং জাতীয় পরিষদ সভা হতে ঢাবি সংসদের স্থগিত করা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।