ডেস্ক রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২২, ৯:২০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ফার্মগেটে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সড়ক দুর্ঘটনায় সরকারি বিজ্ঞান স্কুলের শিক্ষার্থী আলী হোসেন-এর সড়ক দুড়ঘটনায় নিহতের ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচী পালন করছিলো৷ উক্ত কর্মসূচীতে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটিয়েছে ছাত্রলীগ। হামলায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শোভন রহমান, ঢাকা নগর শাখার দপ্তর সম্পাদক সোহাগী সামিয়া, ঢাকা নগর শাখার স্কুল সম্পাদক ফেরদৌস বাধন, সাদ্দামসহ আরও অনেকেই আহত হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক শোভন রহমান আজ সোমবার, ১২ সেপ্টেম্বর এক যুক্ত বিবৃতিতে বলেন, সড়কের অব্যবস্থাপনার কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা যার ভুক্তভোগী হচ্ছেন শিক্ষার্থী, সাধারণ মানুষ। দুর্ঘটনায় সরকারি বিজ্ঞান স্কুলের ছাত্র নিহতের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক ও ন্যায়সঙ্গত। সড়কের অব্যবস্থাপনা নিয়ে সরকার কার্যকর কোনো পদক্ষেপ তো নেয়নি উপরন্তু আন্দোলনে সরকার দলীয় ছাত্র সংগঠনের হামলা স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের শিক্ষার্থী ও গণবিরোধী চেহারার উন্মোচন ঘটিয়েছে।
নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারী ছাত্রলীগ সন্ত্রাসীদের বিচার দাবি করেছেন এবং নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের ১১ দফা মেনে নেওয়ার আহবান জানিয়েছেন।