ডেস্ক রিপোর্ট
১৩ মে ২০২১, ৮:১৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: শেরপুর শহরের মোবারকপুর মহল্লায় কুকুরের কামড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সেই সাথে কুকুরের কামড়ে আহত হয়েছে ৩০টি গরু-ছাগল।
আজ বৃহস্পতিবার (১৩ই মে) ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত এ ঘটনা ঘটে। আহতদের ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনার পর থেকেই এলাকায় কুকুর আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগীরা জানান, শেরপুর পৌরসভার মোবারকপুর মহল্লায় ৮-১০টি পাগলা কুকুর বৃহস্পতিবার সকাল থেকে যেখানেই মানুষ ও গৃহপালিত পশু পাচ্ছিল সেখানেই কামড়িয়ে আহত করতে থাকে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশু, মহিলাসহ অন্তত ৩০জন মানুষ ও ২৫টি গরুকেও কামড়ে আহত করেছে। স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে কুকুরগুলোকে ধরার চেষ্টা করছে। হাসপাতালের স্টোর বন্ধ থাকায় মিলছে না বিনামূল্যের ভ্যাকসিন। তাই আহতদের চড়া মুল্যে কিনতে হচ্ছে ভ্যাকসিন।
প্রতিটি ভ্যাকসিনের দাম নিচ্ছে ১৮শ থেকে ২হাজার টাকায়। এতে চরম বিপাকে পড়েছেন ভুক্তভোগীরা। তাই অনেকেই টাকার অভাবে ভ্যাকসিন না নিয়ে চলে গেছে বাড়িতে।
এদিকে গত ১৫দিনে জেলার বিভন্ন স্থানে শতাধিক ব্যক্তিকে কুকুরে কামড়িয়ে আহত করায় সাধারণ মানুষের মধ্যে কুকুর আতঙ্ক বিরাজ করছে।
সরকারি ছুটির জন্য হাসপাতালের জরুরী বিভাগ ছাড়া আর সবকিছু বন্ধ থাকায় বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন শেরপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) খাইরুল কবির সুমন।