ডেস্ক রিপোর্ট
৩ সেপ্টেম্বর ২০২২, ১০:০৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: সরকার দেশকে ভয়ংকর সংঘাত-সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বলেছেন, সরকার তার জবরদস্তিমূলক ক্ষমতা নিশ্চিত রাখতে ফ্যাসিবাদী দুঃশাসনকে নতুন মাত্রা দিয়েছে। নেতৃবৃন্দ অধিকার ও মুক্তি অর্জনে ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ গণসংগ্রাম জোরদার করার আহবান জানান।
আজ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির দুই দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির সভার শেষ অধিবেশনে গৃহীত রাজনৈতিক প্রস্তাবে বলা হয় সরকার পোড়ামাটি নীতি অবলম্বন করে দেশকে ভয়ংকর সংঘাত – সংঘর্ষের পথে ঠেলে দিচ্ছে। সরকারের অবৈধ ও অনৈতিক ক্ষমতা ধরে রাখতে যেয়ে ও তাদের প্রতিশোধাত্মক রাজনীতি দেশে অনাকাঙ্ক্ষিত গৃহযুদ্ধাবস্থার ঝুঁকি বাড়িয়ে তুলছে।সভার প্রস্তাবে বলা হয় আরেক দফা ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে সরকার ফ্যাসিবাদী দুঃশাসনকে নতুন মাত্রা দিয়েছে, সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে।এই পথেই তারা তাদের দুঃশাসন অব্যাহত রাখতে চায়। আগামীতে আর একটি তামাশার নির্বাচন মঞ্চস্ত করার লক্ষেই সরকার রাজনৈতিক বিরোধীদের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস অব্যাহত রেখেছে।
সভার প্রস্তাবে বলা হয়, গণআন্দোলন -গণসংগ্রামের পথে এই সরকারকে বিদায় দিতে না পারলে ভোটের অধিকারসহ জনগণের গণতান্ত্রিক অধিকার , অবাধ নির্বাচন কোনকিছুই অর্জন করা যাবেনা।
সভার প্রস্তাবে বিদ্যমান ফ্যাসিবাদী দুঃশাসন হটিয়ে জনগণের অধিকার ও মুক্তি নিশ্চিত করতে রাজপথে যুগপৎ ধারায় বিরোধী দল ও জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার আহবান জানানো হয়।
পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনছার আলী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী,আকবর খান, আবু হাসান টিপু, রাশিদা বেগম, মাহমুদ হোসেন, মোফাজ্জল হোসেন মোশতাক , ফিরোজ আহমেদ, অরবিন্দু বেপারি বিন্দু, কামরুজ্জামান ফিরোজ, শেখ মোঃ শিমুল প্রমুখ।
সভায় আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য পার্টির দশম কংগ্রেসের প্রস্তুতি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।