ডেস্ক রিপোর্ট

২৮ মে ২০২২, ১২:০০ পূর্বাহ্ণ

মোমিনছড়া চা বাগান খুলে দেওয়ার দাবি চা শ্রমিক অধিকার আন্দোলনের

আপডেট টাইম : মে ২৮, ২০২২ ১২:০০ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সিলেটের মোমিনছড়া চা বাগান অবিলম্বে খুলে দেওয়া এবং অবৈধভাবে বালু পাথর উত্তোলন বন্ধ করে জাফলং চা বাগান রক্ষা করার দাবি জানিয়েছে ” চা শ্রমিক অধিকার আন্দোলন” – কেন্দ্রীয় কমিটি।

শুক্রবার, ২৭ মে চা শ্রমিক অধিকার আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহবায়ক কমরেড হৃদেশ মুদি এক বিবৃতিতে এই দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, মোমিনছড়া চা বাগানে চা এর নিরিখ দৈনিক ২০ কেজি করা সহ অন্যান্য দাবিতে আন্দোলনরত শ্রমিকদের নায্য দাবি না মেনে হঠাৎ করে সাপ্তাহিক মজুরি প্রদান করার আগের দিন বাগান বন্ধ ঘোষণা করে বাগান কর্তৃপক্ষ সহস্রাধিক চা শ্রমিকদের জীবন জীবিকাকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে।

তিনি বলেন, অন্যদিকে প্রশাসনের সাথে যোগসাজশে প্রভাবশালী চক্রের মুনাফার বলি হতে চলছে জাফলং চা বাগান। অবৈধভাবে বালু, পাথর উত্তোলন এবং ড্রেজার মেশিন ব্যাবহার করার ফলে নদীর পাড় ভেঙ্গে ইতিমধ্যে জাফলং চা বাগানের অনেক ভূমি বিলিন হয়ে গেছে।

এমন পরিস্থিতিতে জাফলং চা বাগান রক্ষা এবং শ্রমিকদের দাবি মেনে নিয়ে মোমিনছড়া চা বাগান অবিলম্বে খুলে দেওয়ার দাবিতে চা শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান কমরেড হৃদেশ মুদি।

শেয়ার করুন