ডেস্ক রিপোর্ট
১৭ এপ্রিল ২০২২, ১:০৪ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: আওয়ামী লীগ সরকারকে হটাতে বিরোধী রাজনৈতিক দলগুলোকে ‘ছোটখাটো ভুল বোঝাবুঝি’ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আজকে একদিকে বাংলাদেশের ভয়াবহ অর্থনৈতিক অবস্থা, আইনশৃঙ্খলা অবস্থা, দুর্নীতি সর্বব্যাপী অবস্থা, দ্রব্যমূল্যের অসহনীয় অবস্থা আর অন্যদিকে রাজনৈতিক অবস্থা। এই ভয়াবহ অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য রাজনৈতিক দলগুলোর দায়িত্ব অনেক বেশি, এই দায়িত্ব পালন করতে হবে।’
শনিবার রাজধানীর গুলশানের ইমামুয়েল কনভেনশন সেন্টারে ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি (কাজী জাফর) আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘নিজেদের ছোট-খাটো ভুল বোঝাবুঝি, ছোট-খাটো বিভেদ সব ভুলে গিয়ে শুধু গণতন্ত্রকে প্রাতিষ্ঠারিক রুপ দেওয়ার জন্য, মানুষের অধিকারকে ফিরিয়ে আনার জন্য, মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে আনার জন্যে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সেজন্য জাতীয় ঐক্যের ওপরে আমরা অত্যন্ত গুরত্বারোপ করছি।’
তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কার করে বলেছেন যে, একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে সকলের মতামতের ভিত্তিতে ভবিষ্যতে দেশ পরিচালনা করা হবে।’
জাতীয় পার্টি চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব এএসএম শামীমের সঞ্চালনায় ইফতারপূর্ব অনুষ্ঠানে অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, বাংলাদেশ গণ-অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইসলামী ঐক্যজোটের অ্যাডভোকেট এমএ রকীব ও জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবিব লিংক বক্তব্য রাখেন।
ইফতারে এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, আরেকাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জামায়াতে ইসলামী মোবারক হোসেন, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল পিপলস পার্টির ড. ফরিদুজ্জামান ফরহাদ, ভাসানী অনুসারী পরিষদের শেথ রফিকুল ইসলাম বাবুল, জাগপার খন্দকার লুতফর রহমান, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলামের মওলানা মহিউদ্দিন ইকরাম, কল্যাণ পার্টির আমিনুল ইসলাম প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।