ডেস্ক রিপোর্ট

৮ এপ্রিল ২০২২, ৮:৩১ অপরাহ্ণ

জাতীয় সরকারই নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারে: আ স ম রব

আপডেট টাইম : এপ্রিল ৮, ২০২২ ৮:৩১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক :: জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, বর্তমান ফ্যাসিবাদী সরকারের বিদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন এবং রাষ্ট্র মেরামতের মাধ্যমে ভোটাধিকার প্রতিষ্ঠা করে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে জাতীয় সরকার গঠন করতে হবে। আন্দোলনকারী শক্তিগুলোই ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সরকার গঠন করবে। এই সরকারই নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারে।

জাগরণের মাধ্যমে জাতীয় নৈতিক শক্তির পুনরুজ্জীবন করতে না পারলে সুষ্ঠু নির্বাচনেও রাষ্ট্রক্ষমতা অগণতান্ত্রিক শক্তির হাতে চলে যেতে পারে। এসব ঘটনার পুনরাবৃত্তি থেকে আমাদের শিক্ষা নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার লক্ষ্মীপুর শহরের কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে জেলা জেএসডি আয়োজিত প্রতিনিধি সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আ স ম রব।

তিনি বলেন, ভোটাধিকার হরণ করে রাষ্ট্র থেকে জনগণকে বিচ্ছিন্ন করা সরকারের ভয়ঙ্কর পদক্ষেপ। কর্তৃত্ববাদকে সরকার গণতন্ত্রের ওপরে স্থান দিয়েছে।

তার মতে, দিনের ভোট রাতে নেওয়ার অন্যায়কে সরকারের যৌক্তিকতা দেওয়ার অদ্ভুত প্রচেষ্টা রাজনীতিকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে, যার পরিণতি জাতির জন্য বিপদ ডেকে আনবে। বর্তমান সরকার ক্ষমতায় আসার এবং টিকে থাকার জন্য মুক্তিযুদ্ধের চেতনাকে শুধু বাক সর্বস্ব চাতুরি হিসেবে ব্যবহার করে, বাস্তবে প্রয়োগ করে না। মুক্তিযুদ্ধের মৌলিকত্ব অনুধাবনে সরকারের চরম ঘাটতি রয়েছে।

তিনি আরও বলেন, বিদ্যমান শাসন কাঠামোর পরিবর্তন ও সংস্কার ছাড়া ভোটাধিকার, গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। শাসন প্রক্রিয়া এবং সমাজদেহে যে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে, দুর্বৃত্ত কেন্দ্রিক যে রাজনৈতিক বন্দোবস্তু করা হয়েছে, তা পরিবর্তন করার জন্য জাগরণের প্রয়োজন।

অধ্যক্ষ মনসুরুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেএসডি স্থায়ী কমিটির সদস্য তানিয়ারব ও দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল।

শেয়ার করুন