ডেস্ক রিপোর্ট
১ এপ্রিল ২০২২, ৬:৩৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: রাজধানীর লালবাগের নিউ পল্টন এলাকায় পুকুরে ডুবে ফজলে রাব্বী নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) দুপুর ১২টার দিকে সে পুকুরে ডুবে যায়।
ওই শিক্ষার্থী লালবাগ ৩৫, নিউ পল্টন, আজিমপুর কলোনির নূরে মদিনা মাদ্রাসার শিক্ষার্থী। ওই মাদ্রাসার শিক্ষক আলী হোসেন জানিয়েছেন, দুপুরে রাব্বী মগ দিয়ে পুকুর ঘাটে গোসল করছিল। এ সময় পা পিছলে পুকুরের গভীরে চলে যায় সে। পরে অন্য শিক্ষার্থীরা দেখতে পেয়ে উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।