ডেস্ক রিপোর্ট
২৭ মার্চ ২০২২, ১২:১৫ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: আইপিএল মানেই যেন ক্রিকেটপ্রেমীদের জন্য আলাদা এক উন্মাদনা, বাড়তি এক উত্তেজনা। দীর্ঘ দুই মাসের জন্য চার-ছক্কার ধুন্ধুমার সেই উন্মাদনার আনুষ্ঠানিক শুরুটা অবশেষে হয়েই গেল। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মাঠে গড়িয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসর।
শনিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পর্দা উঠেছে আইপিএলের ১৫তম আসরের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবং রানারআপ কলকাতা নাইট রাইডার্স। অর্থাৎ গত পাঁচ মাস আগে যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই যেন শুরু হয়েছে আইপিএলের এবারের আসরটি।
বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয়েছে ম্যাচটি। উদ্বোধনী ম্যাচে টসে জিতে ফিল্ডিং করছে কলকাতা। স্টার স্পোর্টস ও টি স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে।
অনেক নতুনত্বকে সঙ্গী করেই শুরু হয়েছে এবারের আইপিএল। আইপিএলের এবারের আসরে অংশ নিচ্ছে ১০টি দল। ১০ দলের অংশগ্রহণে লিগপর্বে ৭০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্লে-অফ ও ফাইনালের সূচি এখনো চূড়ান্ত করা হয়নি। সবমিলিয়ে ইতোমধ্যেই জুটেছে আইপিএলের মেগা আসরের তকমা।
এদিকে করোনার প্রাদুর্ভাব কাটিয়ে আবারও নিজেদের মাটিতে ফিরছে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। একইসঙ্গে থাকছে মাঠে সীমিত দর্শক প্রবেশের সুযোগও। প্রত্যেকটি স্টেডিয়ামের মোট ধারণ ক্ষমতার ২৫ শতাংশ দর্শককে মাঠে প্রবেশের সুযোগ দেওয়া হবে। এদিকে করোনার কারণে লিগপর্বের ম্যাচগুলো মাত্র চারটি ভেন্যুতে সীমাবদ্ধ থাকবে। এর মধ্যে মুম্বাইর তিনটি ও পুনের একটি ভেন্যু রয়েছে।
তবে টানা চতুথর্থবারের মতো হয়নি না কোনো উদ্বোধনী অনুষ্ঠান। সবশেষ ২০১৮ সালে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে মাঠে গড়িয়েছিল আইপিএল। কিন্তু ২০১৯ সালে পুলওয়ামা হামলার কারণে হয়নি কোনো উদ্বোধনী অনুষ্ঠান। এরপর ২০২০ ও ২০২১ সালে করোনা মহামারির কারণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করতে পারেনি আয়োজকরা।
এবারের আসর দিয়ে আইপিএলের সঙ্গে যুক্ত হয়েছে নতুন দুই ফ্র্যাঞ্জাইজি। লখনৌ সুপার জায়ান্ট ও গুজরাট টাইটান্স নামে আইপিএলে অংশ নিচ্ছে এই দুই ফ্র্যাঞ্জাইজি।
একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইপিএলের এবারের আসরে অংশ নিচ্ছে মুস্তাফিজুর রহমান। তবে বাঁহাতি এই বাংলাদেশি পেসারও যোগ দিয়েছেন নতুন ঠিকানায়। দিল্লি ক্যাপিটালসের জার্সিতে এবারের আইপিএল মাতাবেন মুস্তাফিজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে ইতোমধ্যেই ভারতে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।