ডেস্ক রিপোর্ট

৯ ফেব্রুয়ারি ২০২২, ৫:৪০ অপরাহ্ণ

গুম ও বিচারবহির্ভূত হত্যার নিরপেক্ষ তদন্ত চায় বাম জোট

আপডেট টাইম : ফেব্রুয়ারি ৯, ২০২২ ৫:৪০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ‘অস্বীকারের সংস্কৃতি’ থেকে বেরিয়ে এসে প্রতিটি গুম ও বিচারবহির্ভূত হত্যার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত, গুম হওয়া ব্যক্তিদের উদ্ধার এবং ঘটনায় দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে উপযুক্ত বিচারের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

মঙ্গলবার বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

নেতারা বলেছেন, দেশে ৬৮ জন গুম হওয়া ব্যক্তি সম্পর্কে উদ্বেগ-উৎকণ্ঠা জানিয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় তাদের উদ্ধারে সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য জানতে চেয়েছে। তখন এ বিষয়ে বিশ্বাসযোগ্য ও কার্যকর পদক্ষেপ না নিয়ে সরকার পুরো বিষয়টিকে অস্বীকার ও চেপে যেতে চাইছে। অস্বীকারের এই সংস্কৃতি আখেরে সরকারের জন্যও আত্মঘাতী হতে পারে।

‘গুম হওয়া বাংলাদেশিদের অনেকেরই ভূমধ্যসাগরে সলিলসমাধি হয়েছে’—পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যে ক্ষোভ ও নিন্দা জানিয়ে নেতারা বলেন, গুম হওয়া ব্যক্তিদের নিয়ে এ ধরনের উপহাস খুব নিষ্ঠুর, অশালীন ও বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ। পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য গুম হওয়া পরিবারগুলোর জন্যও খুবই বেদনার ও কষ্টের। স্বরাষ্ট্রমন্ত্রীও একইভাবে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে অস্বীকার করে যে বক্তব্য দিয়েছেন, সেটিও সত্যের অপলাপ। গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এ ধরনের বক্তব্য দিতে থাকলে সরকারের বিশ্বাসযোগ্যতা আর কিছু থাকে না।

বিৃবতিতে স্বাক্ষর করেছেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাসদের (মার্কসবাদী) সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মানস নন্দী, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ ও সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক।

শেয়ার করুন