ডেস্ক রিপোর্ট

৫ জানুয়ারি ২০২২, ২:০১ অপরাহ্ণ

ঘন কুয়াশায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ৮

আপডেট টাইম : জানুয়ারি ৫, ২০২২ ২:০১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় ৮ জন নিখোঁজ রয়েছেন। বুধবার সকাল ৯টায় ফতুল্লার ধর্মগঞ্জ লঞ্চঘাটের কাছে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কুয়াশায় মধ্যে ১৫ থেকে ২০ জন যাত্রী নিয়ে খেয়া পারাপারের ট্রলারটি ধর্মগঞ্জঘাট থেকে ওপারে যাচ্ছিল।

এ সময় বরিশাল থেকে ঢাকার দিকে যাওয়া একটি যাত্রীবাহী লঞ্চ মাঝ নদীতে ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে তাৎক্ষণিক ট্রলারটি ডুবে যায়। এ সময় কিছু যাত্রী সাঁতার কেটে তীরে ওঠে। তবে অনেকেই নিখোঁজ রয়েছেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। এ ঘটনায় ৮ জন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রাকিবুজ্জামান জানান, লঞ্চের ধাক্কায় যাত্রী পারাপারের ট্রলার ডুবির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আমরা এ পর্যন্ত ৮ জন নিখোঁজের কথা জানতে পেরেছি। তবে নামপরিচয় এখনো পাইনি। কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করেছে।

শেয়ার করুন