ডেস্ক রিপোর্ট
২ ফেব্রুয়ারি ২০২২, ১:২২ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক:: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র তার দেশকে ইউক্রেনে যুদ্ধে টেনে নেওয়ার চেষ্টা করছে। খবর বিবিসি।
ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির কয়েক সপ্তাহের মধ্যে এই প্রথম তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন পুতিন। তিনি বলেন, রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের অজুহাত হিসেবে একটি সংঘর্ষকে ব্যবহার করাই যুক্তরাষ্ট্রের লক্ষ্য।
আরও বলেন, ইউরোপে ন্যাটো জোটের বাহিনী নিয়ে রাশিয়ার উদ্বেগ উপেক্ষা করছে যুক্তরাষ্ট্র।
মস্কোতে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে আলোচনার পর পুতিন মঙ্গলবার এ সব কথা বলেন।
এ সময় পুতিন বলেন, আমার কাছে মনে হচ্ছে যুক্তরাষ্ট্র ইউক্রেনের নিরাপত্তা নিয়ে খুব একটা চিন্তিত নয়। বরং তাদের প্রধান কাজ হচ্ছে রাশিয়ার উন্নয়নকে নিয়ন্ত্রণ করা। সেদিক থেকে তাদের লক্ষ্যে পৌঁছাতে ইউক্রেন একটি হাতিয়ার মাত্র।
ইউক্রেন সীমান্তের কাছে রুশ সেনা মোতায়েনকে কেন্দ্র করে এই অঞ্চলে তীব্র উত্তেজনা বিরাজ করছে। রাশিয়া সাম্প্রতিক সপ্তাহে ইউক্রেন সীমান্তে ট্যাংক এবং আর্টিলারি থেকে গোলাবারুদে সজ্জিত প্রায় এক লাখ সেনা এনেছে।
এ দিকে মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, রুশ আগ্রাসন শুধু ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ হবে না। বরং এটি হবে ইউরোপে একটি যুদ্ধ, যা হবে পূর্ণ মাত্রার যুদ্ধ।
একই দিন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিরা বাগ্যুদ্ধে জড়িয়ে পড়েনন। ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েন রাখার বিষয়ে আলোচনার জন্য নিরাপত্তা পরিষদে বৈঠক ডাকে যুক্তরাষ্ট্র। সেখানেই ক্ষমতার লড়াইয়ে নামে দেশ দুটি।