ডেস্ক রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২২, ১১:০৮ অপরাহ্ণ
শাবিপ্রবি প্রতিনিধি:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে অনশনরত দুই শিক্ষার্থীর বাবা সংকট নিরসনে আকুতি জানিয়েছেন।
অনশনরত ওই দুই শিক্ষার্থী শাহরিয়ার আবেদিন এবং মাহিনের বাবা সোমবার রাতে তাদের সন্তানকে দেখতে ক্যাম্পাসে আসেন। এ সময় তাদের কাঁদতে দেখা যায়। তবে তারা তাদের অনশন ভাঙানোর কোনো উদ্যেগ নেননি।
পরে পরিচয় দিয়ে শাহরিয়ার আবেদিনের বাবা জয়নাল আবেদিন দেশ রূপান্তরকে বলেন, আমরা সর্বোচ্চ বিদ্যাপীঠে সন্তানকে পাঠিয়েছি। তারা আমাদের চেয়ে ভালো বোঝে। তারা জ্ঞান অর্জন করে যেখানে দেশের সেবা করবে, কিন্তু তারা এখানে অনশন করছে।
এ সময় তাকে কাঁদতে দেখা যায়।
পরে ছেলেকে খাওয়ানোর চেষ্টা করেছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখানে আমি কখনো বাকী অনশনকারীদের ছাড়া শুধু আমার ছেলেকে খাওয়াতে পারব না।
তিনি আরো বলেন, সরকারের কাছে আকুল আবেদন যেন এ সমস্যার দ্রুত সমাধান করে এবং উপাচার্য মহোদয়কে বলব, আপনি যদি এখন পদত্যাগ করে চলে যান তাহলে আপনি যত সম্মানিত ব্যক্তি আছে পৃথিবীতে তাদের একজন হবেন। মাহিনের বাবা হাফিজুর রহমান একই রকম কথা বলে আকুতি জানান শিক্ষার্থীদের বাঁচানোর।
উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে ১৯ জানুয়ারি থেকে অনশন কর্মসূচি করে আসছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা। এই অনশনে অংশ নেন ২৪ শিক্ষার্থী। রোববার সন্ধ্যায় উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।