ডেস্ক রিপোর্ট
৯ এপ্রিল ২০২১, ২:২১ অপরাহ্ণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি :: নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনি হত্যাচেষ্টার মামলায় খালেদ সাইফুল্লাহ সাইফ, কাজী সমির ও অহিদ নামে হেফাজতে ইসলামের ৩ কর্মীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে অহিদ তাবলীগ জামাত ও করোনায় কাজ করা এহসান পরিবারের সদস্য।
মামুনুল হক কাণ্ডের পর সোনারগাঁ থানায় বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সোহাগ রনির বাবা হাজী শাহ জামাল তোতা বাদী হয়ে এই মামলা করেছিলেন।
সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান জানান, সিসিটিভির ফুটেজ দেখে আসামি শনাক্ত করে নাম ঠিকানা অন্তর্ভুক্ত করা হবে। এ মামলায় এজহারভুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে এক নারীসহ অবরুদ্ধ করার ঘটনায় হেফাজত কর্মীদের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, যুবলীগ ও ছাত্রলীগ দুই নেতার বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও রয়্যাল রিসোর্টে ভাংচুর মামলায় এজহারভুক্ত ১২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।