ডেস্ক রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২২, ১১:২১ অপরাহ্ণ
বরিশাল প্রতিনিধি:: দেওয়ান আবদুর রশিদ নীলু কে আহ্বায়ক ও প্রকৌশলী হারুন বিশ্বাসকে সদস্য সচিব করে বরিশালে “নৌ-যাত্রী ঐক্য পরিষদ”এর ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
আজ ১৪ জানুয়ারি শুক্রবার বিকেল ৪ টায় ফকির বাড়ি রোডস্থ ভূঁইয়া ভবনে অনুষ্ঠিত এক সভায় উক্ত কমিটি গঠিত হয়।
দেওয়ান আবদুর রশিদ নীলুর আহ্বানে বরিশালের বিভিন্ন উপজেলার নাগরিকদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নৌযানে যাত্রীদের হয়রানি রোধে বিভিন্ন প্রস্তাব করা হয় এবং নৌ সেবার মান উন্নয়নের জন্য বিভিন্ন দাবি তুলে ধরা হয়। এছাড়াও সকল রুটে সরকারি নৌযান বরাদ্দ করা, খুলনা-বরিশাল- ঢাকা রুটের স্টিমারের মানোন্নয়ন, সকল নৌঘাটে টোল ফ্রি করা, বিআইডব্লিউটি এর সকল আইনের বাস্তবায়ন সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় নেতৃবৃন্দ বলেন, দক্ষিণ অঞ্চলের বড় একটি জনগোষ্ঠী লঞ্চযোগে ঢাকা সহ দেশের নানান জায়গায় গমন করেন। কিন্তু সরকার নৌপথে সেবার ক্ষেত্রে তেমন সুনজর দিচ্ছে না। বরং নানান ভাবে বিমাতাসুলভ আচরন করছেন। ট্রেন বাস সহ নানান যানবাহনে যাতায়াতের জন্য কোন টোল নেয়। কিন্তু লঞ্চ ঘাটে নেয়া হচ্ছে। এ ছাড়াও নৌযানে নানান ধরনের সিন্ডিকেট থাকায় যাত্রীরা তাদের কাছে এক ধরনের জিম্মি হয়ে আছে।
তারা আরো বলেন, আজকে আমাদের এই সংগঠনের যাত্রা শুরু। আমরা সকল নৌ পরিবহনে যাত্রীদের সকল সমস্যা নিয়ে কাজ করবো। দ্রুতই আমাদের আগামী কর্মসূচি ঘোষনা করা হবে।