ডেস্ক রিপোর্ট
২৩ নভেম্বর ২০২১, ১:৫৮ অপরাহ্ণ
রংপুর প্রতিনিধি:: মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৪তম ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুরে মিছিল-সমাবেশ করেছে সংগঠনটির নেতা-কর্মীরা।
আজ মঙ্গলবার (২৩ নভেম্বর ২০২১) সকাল ১১টায় নগরীর শাপলা চত্বরে পার্টির জেলা আহবায়ক কমরেড আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ পরিচালনা করেন জেলা বাসদ সদস্য অমল সরকার।
সমাবেশে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি কমরেড অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, জেলা বাসদের সদস্য সচিব কমরেড মমিনুল ইসলাম, মিঠাপুকুর উপজেলার সমন্বয়ক জেলা সদস্য কমরেড আতিয়ার রহমান, সাদেক হোসেন, মিজানুর রহমান, ছাত্রনেতা যুগেশ ত্রিপুরা প্রমুখ৷
বক্তারা বলেন, আজ থেকে শত বর্ষ পূর্বে মহামতি লেনিন কার্ল মার্কসের তত্ত্বকে সঠিক প্রমাণ করে শ্রমিক শ্রেনীর নেতৃত্বে ঐতিহাসিক বাস্তবতার এক নজির স্থাপন করেন। সারা দুনিয়ার মানুষের কাছে শোষণ বৈষম্যহীন একটি সামাজিক মালিকানা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করেন। নারী স্বাধীনতা, উৎপাদনের প্রত্যেকটি স্তরে নারীর অংশগ্রহণ, বিজ্ঞান চর্চার অবারিত সুযোগ সৃষ্টি, মহাকাশ অভিযান সবক্ষেত্রেই সফলতার দুয়ার উন্মুক্ত করে দেন।সেই স্বপ্নকে ধারণ করে দুনিয়ার দেশে দেশে শ্রমজীবী মেহনতি মানুষ সমাজতান্ত্রিক দল গঠনের চেষ্টা করতে থাকে। এরই ধারাবাহিকতায় ১৯৮০খ্রি.র ৭ নভেম্বর কমরেড খালেকুজ্জামান এর নেতৃত্বে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ গঠিত হয়। এরপর থেকে ধারাবাহিকভাবে পার্টি জনজীবনের নানা সংকটে সাধ্যানুযায়ী লড়াই সংগ্রাম করে জনগণের পাশে দাঁড়িয়েছে।
বক্তারা বলেন, তেল-গ্যাস, বিদ্যুৎ-বন্দর, প্রকৃতি-পরিবেশ রক্ষার রক্ষার আন্দোলন যেমন করেছে, পাশাপাশি কৃষকের ফসলের ন্যায্য মূল্য, অসহায় দুঃস্থ শ্রমজীবীদের সারা বছর কাজ, গ্রাম শহরে আর্মি রেটে রেশনিং, ওএমএস চালুর আন্দোলন অব্যাহত আছে। বক্তাগণ সম্প্রতি বর্ধিত ডিজেলের মূল্য প্রত্যাহার, যানবাহনের অতিরিক্ত ভাড়া বাতিল করার আহবান জানান। পাশাপাশি বাসদ সহ বাম প্রগতিশীল সংগঠনের হাতকে শক্তিশালী করার আহবান জানান।