ডেস্ক রিপোর্ট

১৭ নভেম্বর ২০২৬, ২:৪৯ অপরাহ্ণ

বাসদ (মার্ক্সবাদী)র ১৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন ,মাসুদ রানা সাধারণ সম্পাদক

আপডেট টাইম : নভেম্বর ১৭, ২০২৬ ২:৪৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বামপন্থী রাজনৈতিক দল বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ (মার্কসবাদী)র তৃতীয় কেন্দ্রীয় কনভেনশনে মাসুদ রানাকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

গত ১৫ ও ১৬ নভেম্বর দুই দিনব্যাপী অনুষ্ঠিত কনভেনশনের প্রতিনিধি সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রমের মূল্যায়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন প্রতিনিধিরা।

নবগঠিত কেন্দ্রীয় কমিটির অন্য সদস্যরা হলেন জয়দীপ ভট্টাচার্য, শফিউদ্দিন কবির আবিদ, সীমা দত্ত, মাসুদ রেজা, তসলিমা আক্তার বিউটি, ইন্দ্রাণী ভট্টাচার্য সোমা, আসমা আক্তার, আহসানুল আরেফিন তিতু, রাজু আহমেদ, রাশেদ শাহরিয়ার, নিলুফার ইয়াসমিন শিল্পী ও বিটুল তালুকদার।

নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা ২০২২ সালের ১৯ মার্চ থেকে দলটির কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন।

২০১৩ সালের এপ্রিলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ভেঙে বাসদ–মার্ক্সবাদী গঠিত হয়। দলটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন প্রবীণ বামপন্থী নেতা মুবিনুল হায়দার চৌধুরী। ২০২০ সালের ফেব্রুয়ারিতে দলটিতে ভাঙন দেখা দিলেও বড় অংশটি তাঁর নেতৃত্বেই সক্রিয় ছিল। তিনি আমৃত্যু দলটির সাধারণ সম্পাদক ছিলেন।

২০২১ সালের জুলাইয়ে ৮৮ বছর বয়সে মারা যান মুবিনুল হায়দার চৌধুরী। তাঁর মৃত্যুর পর কেন্দ্রীয় বিশেষ সাংগঠনিক সম্মেলনের মাধ্যমে ২০২২ সালের ১৯ মার্চ বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী ফোরাম গঠন করা হয়। তখন ফোরামের সমন্বয়ক করা হয়েছিল সদ্য ছাত্ররাজনীতি শেষ করা মাসুদ রানাকে। এবার দলের তৃতীয় কনভেনশনে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন।

 

শেয়ার করুন