ডেস্ক রিপোর্ট
১৫ নভেম্বর ২০২১, ৫:৫০ অপরাহ্ণ
চট্টগ্রাম প্রতিনিধি:: ধর্ষণের ৭২ ঘন্টা পর মামলা না নিতে আদলতের পরামর্শের প্রতিবাদে উদ্বিগ্ন নাগরিকবৃন্দ, চট্টগ্রামের উদ্যোগে আজ সোমবার, ১৫ নভেম্বর দুপুর ১ টায় চট্টগ্রাম কোর্ট হিল চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে চসিক সাবেক কাউন্সিলর জান্নাতুল ফেরদাউস পপির সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় মুক্তি কাউন্সিল চট্টগ্রামের সভাপতি এডভোকেট ভুলন ভৌমিক, গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার সমন্বয়ক হাসান মারুফ রুমি, বাসদ চট্টগ্রাম জেলা সদস্য মহিন উদ্দিন, নির্যাতন ও নিপীড়ন বিরোধী আইনজীবী মঞ্চের যুগ্ম এডভোকেট বিশুময় দেব, এডভোকেট আশরাফ উদ্দিন।
সমাবেশ পরিচালনা করেন ছাত্র নেতা রায়হান উদ্দিন।
সমাবেশে বক্তারা বলেন, সম্পতি ঢাকার বনানীর রেইনট্রি হোটেলের ধর্ষণ মামলার রায় ও তাকে কেন্দ্র করে বিচারকের ধর্ষণের ৭২ ঘন্টা পরে মামলা না নেয়ার পরামর্শ সারাদেশের সংবেদনশীল মানুষকে ক্ষুব্ধ ও মর্মাহত করেছে। পাশাপাশি বিচারকের বিচারিক ক্ষমতা যেভাবে কোন আইনী প্রক্রিয়া অনুসরণ না করে নির্বাহী প্রভাবে প্রত্যাহার করা হয়েছে সেটাও বিচার ব্যবস্থার জন্য অশনি সংকেত। ধর্ষণ মামলার আসামীরা নিজেদের জবানবন্দিতে স্বীকারোক্তি দিয়েছিল ধর্ষণের, কিন্তু রায়ে সব ধর্ষণকারী যেভাবে বেকসুর খালাস পেল তা রাজনৈতিক-আর্থিক প্রতিপত্তি দ্বারা প্রভাবিত বলে আমাদের বিশ্বাস।
বক্তারা বলেন, এধরণের রায় ভবিষ্যতে নারী নির্যাতনের ঘটনাকে আরও উৎসাহিত করবে।সমাবেশে বক্তারা আরো বলেন, এছাড়াও ধর্ষণের বিচার প্রার্থীর চরিত্রকে প্রশ্নবিদ্ধ করে সাক্ষ্য আইন মামলার ১৫৫(৪) ও ১৪৬(৩) ধারা বাতিল, বিচারিক আদালতের পুরুষতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে এবং ঘরে বাইরে সর্বত্র নারীর নিরাপদ পরিবেশ নির্মাণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।