ডেস্ক রিপোর্ট

১২ নভেম্বর ২০২১, ৫:০১ অপরাহ্ণ

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম নৌ মহড়ায় আরব আমিরাত ও বাহরাইন

আপডেট টাইম : নভেম্বর ১২, ২০২১ ৫:০১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড এর বাহিনী বুধবার লোহিত সাগরে একটি বহুপাক্ষিক সামুদ্রিক নিরাপত্তা অপারেশন অনুশীলন শুরু করেছে। বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড এই খবর জানিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং উপসাগরীয় দুটি আরব দেশের মধ্যে এটিই প্রথম প্রকাশ্য স্বীকৃত নৌ মহড়া।

একজন ইসরায়েলি নৌ কর্মকর্তা ড্রিলের বিষয়ে ইসরায়েলে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে বলেছেন, মার্কিন পৃষ্ঠপোষকতায় এই ধরনের সামরিক সহযোগিতার শুরু এই অঞ্চলে ইরানের ‘শক্তি প্রক্ষেপণ’ মোকাবেলায় সহায়তা করবে।

সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন গত বছর মার্কিন-মধ্যস্থতায় করা একটি চুক্তির অধীনে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করেছে, যা আব্রাহাম অ্যাকর্ডস নামে পরিচিত। ইরানের প্রভাব মোকাবেলা নিয়ে উদ্বেগ এবং অর্থনৈতিক লাভের আশা নিয়ে তারা একত্রিত হয়েছে।

২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার বিষয়ে ইরান এবং বিশ্বের প্রধান পরাশক্তিগুলোর মধ্যে আলোচনা আগামী ২৯ নভেম্বর ভিয়েনায় পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে। ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা তীব্রভাবে বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড, মার্কিন ৫ম নৌবহর এবং সম্মিলিত সামুদ্রিক বাহিনীর কমান্ডার ভাইস অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, ‘সামুদ্রিক সহযোগিতা নৌচলাচলের স্বাধীনতা এবং বাণিজ্যের অবাধ প্রবাহ রক্ষা করতে সাহায্য করে, যা আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য অপরিহার্য’।

ইসরায়েলে ওই ইসরায়েলি নৌ কর্মকর্তা, যার পদমর্যাদা এবং নাম ব্রিফিংয়ের শর্তাবলির অধীনে প্রকাশ করা যায়নি, জুলাই মাসে একটি হামলার উদ্ধৃতি দিয়েছিলেন, যার জন্য বিশ্ব শক্তিগুলো এবং ইসরায়েল ইরানকে দায়ী করেছিল। ওই ঘটনায় ওমানের কাছে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলায় দু’জন নিহত হয়েছিল।

তবে ইসরায়েলি কোম্পানির পরিচালিত লাইবেরিয়ার পতাকাবাহী মার্সার স্ট্রিট নামের পেট্রোলিয়াম পণ্যের ওই ট্যাঙ্কারে হামলায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে ইরান।

ইসরায়েলি কর্মকর্তা বলেন, এই মহড়া ‘সহযোগিতা এবং লোহিত সাগরের নিরাপত্তা বৃদ্ধি করবে, তবে শুধু লোহিত সাগর নয়, কারণ আমরা সমগ্র অঞ্চলে ইরানি সন্ত্রাসের সঙ্গে মোকাবিলা করছি’।

মার্কিন ৫ম নৌবহরটি উপসাগরীয় দ্বীপ রাজ্য বাহরাইনে অবস্থিত এবং আরব উপসাগর, ওমান উপসাগর, লোহিত সাগর এবং ভারত মহাসাগরের কিছু অংশে কাজ করে।

শেয়ার করুন