ডেস্ক রিপোর্ট

১২ নভেম্বর ২০২১, ১২:৩৮ অপরাহ্ণ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

আপডেট টাইম : নভেম্বর ১২, ২০২১ ১২:৩৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বলাইরহাট (বুড়িরদীঘি) সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার ভোর রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি মালগড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে মোসলেম উদ্দিন (৪২) ও একই গ্রামের আলতাব মিয়ার ছেলে আসাদুজ্জামান ভাষানি (৪০)।

স্থানীয়রা জানিয়েছে, গরু পারাপারকারী চক্রের কয়েকজনের একটি দল গরু আনতে বলাইরহাট সীমান্তের ৯১৭ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব পিলারের নিকট দিয়ে ভারতে যান।

দলের সদস্যরা গরু নিয়ে ফেরার পথে ভারতের কোচবিহার জেলার ৭৫ বিএসএফ ব্যাটালিয়ন সাতভান্ডারিয়া ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এতে মোসলেম উদ্দিন ও আসাদুজ্জামান ভাষানি গুলিবিদ্ধ হয়ে ভারতের অভ্যন্তরেই মারা যান। এ সময় আরও দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।

কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদুল ইসলাম বিএসএফের গুলিতে দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করলেও আহতদের বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি।

এ বিষয়ে যোগাযোগ করা হলেও লালমনিরহাট ১৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের দায়িত্বশীল কোনো কর্মকর্তার মন্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন