ডেস্ক রিপোর্ট

৫ অক্টোবর ২০২১, ৪:০৯ অপরাহ্ণ

মাদারীপুরে ইউপি সদস্যের বাড়িতে হাতবোমা বিস্ফোরণ

আপডেট টাইম : অক্টোবর ৫, ২০২১ ৪:০৯ অপরাহ্ণ

শেয়ার করুন

মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুরের কালকিনিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বাড়িতে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় চার জন আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ।

কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মান্নান মোল্লার বাড়িতে গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ইউপি সদস্য মান্নান মোল্লার বাড়ির একটি পরিত্যক্ত ঘরে বসে হাতবোমা তৈরি করছিলেন কয়েক জন যুবক। রাত ১টার দিকে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই ঘরের টিনের চালা উড়ে যায়। এ সময় ঘরের ভেতরে থাকা চার জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গুরুতর আহত দুজন হলেন—সিডিখান ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের ইয়ামিন বেপারী (৩৮) এবং দক্ষিণকান্দি গ্রামের সুমন শিকদার (২৬)।

ওসি ইসতিয়াক রাসেল আরও জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় আধিপত্য বিস্তারের জন্য হাতবোমা তৈরি করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় বিস্ফোরণ আইনে মামলা হবে।

এ বিষয়ে ইউপি সদস্য মান্নান মোল্লার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে ফোনে পাওয়া যায়নি।

শেয়ার করুন