ডেস্ক রিপোর্ট

২৪ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৩ অপরাহ্ণ

প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মহুতি দিবসে চট্টগ্রামে পুষ্পমাল্য অর্পণ

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৪, ২০২১ ১০:৫৩ অপরাহ্ণ

শেয়ার করুন

চট্টগ্রাম প্রতিনিধি:: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার উদ্যোগে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৯ তম আত্মহুতি দিবস উপলক্ষে সকাল ১১.৩০ টায় পাহাড়তলীস্থ “শহিদ স্মৃতি পাঠাগারে ” এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার কোষাধক্ষ্য ডেনি বিশ্বাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পাহাড়তলী থানা সংসদের ভারপ্রাপ্ত সভাপতি অবিনাশ রায়, সাংস্কৃতিক সম্পাদক শুভ দেবনাথ, শহিদ স্মৃতি পাঠাগার এর সংগঠক দিপা পাল, মুক্তা পাল, জয়শ্রী রায় প্রমুখ। সভা সঞ্চালনা করেন চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক রনি কান্তি দেব।

সভায় বক্তারা বলেন, তৎকালীন ভারত বর্ষের মানুষকে ব্রিটিশ সাম্রাজ্যের শোষণ-বঞ্ছণা,নিপীড়ন -নির্যাতনের হাত থেকে রক্ষার জন্য যে স্বদেশী আন্দোলন গড়ে ওঠে সেই অগ্নিগর্ভে বীরকন্যা প্রীতিলতার জন্ম হয়।ভারতীয় জনগণের অপমান,লাঞ্ছনা,বৈষম্য থেকে মুক্ত করার জন্য মাস্টারদা সূর্যসেনের নির্দেশে চট্টগ্রাম পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে সশস্ত্র হামলা চালায়। একে একে সহযোদ্ধাদের নিরাপদে বের করে দিয়ে প্রীতিলতা নিজে বের হবার সময় গুলিবিদ্ধ হোন। ব্রিটিশদের হাতে ধরা না দিয়ে ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ প্রীতিলতা সায়ানেড খেয়ে আত্মহত্যা করেন।তারপর থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন আরো তীব্রতর হয়।১৯৪৭ এ ব্রিটিশরা বিতাড়িত হয়।পরবর্তী পাকিস্তান আমলে একইভাবে শোষণ-নির্যাতন,বৈষম্য বহাল থাকলে তার বিরুদ্ধে ১৯৭১ এ নয় মাসের যুদ্ধে ৩০ লক্ষ মানুষের শহীদি আত্মদান ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমহানির মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়।কিন্তু সাধারণ মানুষের মুক্তি আসেনি।

বক্তারা আরো বলেন, স্বাধীনতা পরবর্তী সব লুটেরা শাসকগোষ্ঠী জনগণের সকল মৌলিক অধিকার হরণ করেছে।বর্তমানে নৈশকালীন ভোটে ক্ষমতাসীন সরকার লুটপাট, দুর্নীতি, স্বজনপ্রীতি,হত্যা, গুম, খুন, হয়রানিসহ জনগণের মৌলিক অধিকার হরণ করে চলেছে।এই লুটেরা শ্রেণির বিরুদ্ধে লড়তে হলে বীরকন্যা প্রীতিলতার জীবন সংগ্রামকে ধারণ করে আজকের যুবক,তরুণ,ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে।

আলোচনা শেষে নগরীর পাহাড়তলীস্থ ইউরোপিয়ান ক্লাবের সামনে বীরকন্যা প্রীতিলতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়।

শেয়ার করুন